বান্দরবানে ৩ গরু ব্যবসায়ী ‘অপহৃত’
বান্দরবানের থানচিতে তিন গরু ব্যবসায়ীকে অপহরণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল শনিবার দুপুরে থানচি থানায় নিখোঁজদের ব্যাপারে ডায়েরি করেছে অপহৃতদের পরিবার।
পুলিশ ও স্থানীয়রা জানান, জেলার আলীকদম উপজেলার পানবাজার এলাকার তিনজন ব্যবসায়ী গরু কিনতে শুক্রবার বিকেলে আলীকদম-থানচি উপজেলা অভ্যন্তরীণ সড়কের ২৮ কিলোমিটার এলাকায় যাওয়ার পর থেকে তাঁদের আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। স্থানীয়দের ধারণা, অস্ত্রধারী সন্ত্রাসীরা ব্যবসায়ীদের অপহরণ করে নিয়ে গেছে।
নিখোঁজরা হলেন আবু বক্কর (৪০), শাহাব উদ্দিন (২৫) ও আফসার আলী (৩৫)।
এ ঘটনায় অপহৃতদের পরিবার থানচি থানায় একটি নিখোঁজের ডায়েরি করেছে। খবর পেয়ে থানচি-আলীকদম থানা পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা নিখোঁজদের উদ্ধারে অভিযানে নেমেছেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে থানচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম জানান, থানচি সড়ক থেকে তিন ব্যবসায়ী নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে। নিখোঁজ ব্যবসায়ীদের উদ্ধারে বিভিন্ন স্থানে অভিযান চালানো হচ্ছে। তবে ব্যবসায়ীদের অপহরণ করা হয়েছে কি না, বিষয়টি এখনো নিশ্চিত নয়।

আলাউদ্দিন শাহরিয়ার, বান্দরবান