এনটিভির ভিডিও মুছে দিলেন আ. লীগ সমর্থকরা
মুন্সীগঞ্জে তৃতীয় দফায় ইউনিয়ন পরিষদ নির্বাচনী প্রচারের দৃশ্য ধারণের (ভিডিও) সময় বেসরকারি টেলিভিশন চ্যানেল এনটিভির ক্যামেরা থেকে সেই দৃশ্য মুছে দিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগের সমর্থকরা। আজ বৃহস্পতিবার লৌহজং উপজেলার বেজগাঁও ইউনিয়নের মালিরঅংক এলাকায় এ ঘটনা ঘটে।
এনটিভির ক্যামেরা পারসন সুমিত সুমন বলেন, ‘আমরা কয়েকটি চ্যানেলের লোকজন নির্বাচনী প্রচারের দৃশ্য ধারণ করছিলাম। একপর্যায়ে আওয়ামী লীগের সমর্থকরা আমার ক্যামেরা ছিনিয়ে নেয় এবং ধারণ করা দৃশ্য মুছে দেয়। পরে তারা আমাকে ক্যামেরা ফিরিয়ে দেয়।’
এ ব্যাপারে বেজগাঁও ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আমির হোসেন তালুকদার বলেন, ‘আমি ক্যামেরা পারসনকে আমার ছবি ভালোভাবে তোলার কথাই শুধু বলেছি। তবে ক্যামেরা থেকে আমার সমর্থকরা দৃশ্য মুছে ফেলেছে কি না এ ব্যাপারে আমি কিছুই জানি না।’
শ্রীনগর সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) সামসুজ্জামান বাবু জানান, সেখানে একটি ঘটনা ঘটেছে বলে তিনি শুনেছেন। ঘটনাস্থলে পুলিশ সদস্যদের পাঠানো হচ্ছে বলেও জানান তিনি।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিএনপি মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী মাঈনুল হোসেন ভুঁইয়া দলীয় সমর্থকদের নিয়ে সকালে ইউনিয়নের মালিরঅংক ও বেজগাঁও এলাকায় নির্বাচনী প্রচারের বের হন। এ সময় সেখানে এনটিভি, একুশে টেলিভিশন, যমুনা টিভির প্রতিনিধিরা ছাড়াও বেশ কয়েকজন গণমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন।
বেজগাঁও ইউনিয়নের বিএনপি মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী মাঈনুল হোসেন ভুঁইয়া বলেন, “আমি নির্বাচনী প্রচারের কাজে গেলে আওয়ামী লীগ মনোনীত আমির হোসেন তালুকদারের নেতৃত্বে কর্মীবাহিনী বাধা দেয়। এ সময় তারা জোর করে আমাদের ‘নৌকা’ ‘নৌকা’ বলে মিছিল করতে বলে।”
‘এ ছাড়া আশপাশের বাড়িঘর ঘেরাও দিয়ে রাখে যাতে নির্বাচনী প্রচার করতে না পারি। ওই সময় ওইসব বাড়ি থেকে কাউকে বের হতে বা বাড়িতে কাউকে ঢুকতে দেওয়া হয়নি’, যোগ করেন মাঈনুল হোসেন।
এ সময় ধারণ করা দৃশ্যই আওয়ামী লীগ সমর্থকরা মুছে দেয় বলে জানান এনটিভির ক্যামেরা পারসন সুমিত সুমন।

মঈনউদ্দিন সুমন, মুন্সীগঞ্জ