কুষ্টিয়ায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ একজন নিহত
কুষ্টিয়ার মিরপুর উপজেলায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ আসাদুল ফকির (৩৬) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন।
গতকাল সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে এ ঘটনা ঘটে।
আসাদুল ফকিরের বাড়ি মিরপুর উপজেলার আমলা ইউনিয়নের রাধানগর গ্রামে। তাঁর বাবা প্রয়াত এজাহার ফকির। ময়নাতদন্তের জন্য তাঁর লাশ কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
পুলিশের ভাষ্য, নিহত আসাদুল ফকির নিজ নামে গঠিত সন্ত্রাসী বাহিনীর প্রধান। তাঁর সঙ্গে বন্দুকযুদ্ধের পর ঘটনাস্থল থেকে দুটি শাটারগান, তিনটি গুলি, তিনটি কার্তুজ ও গাছ কাটার কাজে ব্যবহৃত একটি করাত উদ্ধার করা হয়েছে।
মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী জালাল উদ্দিন আহমেদ জানান, সোমবার দিবাগত রাতে কুষ্টিয়া-মেহেরপুর সড়কে মিরপুর থানার কালীগড়া মাঠের কাছে একদল সন্ত্রাসী সড়কে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। খবর পেয়ে মিরপুর থানা পুলিশের একটি দল সেখানে উপস্থিত হয়। এ সময় সন্ত্রাসীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পুলিশও পাল্টা গুলি ছোড়ে। একপর্যায়ে সন্ত্রাসীরা পালিয়ে গেলে ঘটনাস্থলে তল্লাশি চালায় পুলিশ। এ সময় গুলিবিদ্ধ আসাদুলকে পাওয়া যায়। পরে তাঁকে উদ্ধার করে মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
ওসি আরো জানান, আসাদুল ফকিরের বিরুদ্ধে পার্শ্ববর্তী আলমডাঙ্গা থানায় দুটি হত্যা মামলা, হরিণাকুণ্ডু থানায় দুটি হত্যা মামলা ছাড়াও মিরপুর থানায় খুন, ডাকাতি, অপহরণের ছয়টি মামলা রয়েছে।

ফারুক আহমেদ পিনু, কুষ্টিয়া