বিনা ভোটে আ.লীগের আরো ৪২ চেয়ারম্যান
চলমান ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে পঞ্চম ধাপে ভোটের আগে আওয়ামী লীগের আরো ৪২ জন চেয়ারম্যান পদপ্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। আর এ দফায় ১০০ ইউপিতে বিএনপির কোনো প্রার্থী নেই।
মনোনয়নপত্র প্রত্যাহার শেষ হওয়ার পর সোমবার ইসির জনসংযোগ পরিচালক এস এম আসাদুজ্জামান এ তথ্য জানান।
ঘোষিত তফসিল অনুযায়ী, ১২ মে ছিল ৭২৯ ইউপিতে চেয়ারম্যান, সাধারণ ও সংরক্ষিত সদস্যপদে বৈধ প্রার্থীদের প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন। ২৮ মে এসব ইউপিতে ভোট হবে।
আসাদুজ্জামান জানান, পঞ্চম ধাপে চেয়ারম্যান পদে ৭২৯ ইউপিতে প্রতিদ্বন্দ্বী প্রার্থী রয়েছেন তিন হাজার ২৫৪ জন। এর মধ্যে ১৫টি দলের প্রার্থী রয়েছেন এক হাজার ৭২৭ জন এবং স্বতন্ত্র প্রার্থী রয়েছেন এক হাজার ৫২৭ জন। এ ধাপে নৌকা প্রতীকে ৪২ প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
তিনটি ইউপি বাদে ৭২৬ ইউপিতে প্রার্থী রয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগের, ১০০ ইউপিতে প্রার্থী নেই বিএনপির। ধানের শীষের ৬২৯ ইউপিতে প্রার্থী রয়েছে।
এ ছাড়া জাতীয় পার্টির ১৭৭, জাসদের ২১, বিকল্পধারার ২, ওয়ার্কার্স পার্টির ১৩, ইসলামী আন্দোলনের ১২২, জেপির ২, ইসলামী ফ্রন্টের ১১, এলডিপির ৬, সিপিবির ৫, জেএসডির ১, কৃষক শ্রমিক জনতা লীগের ৬, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের ৭, অন্য দল একটি ইউপিতে প্রার্থী দিয়েছে।
পাঁচ ধাপে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নৌকার ১৯৪ চেয়ারম্যান
প্রথম ধাপে ৫৪, দ্বিতীয় ধাপে ৩৪, তৃতীয় ধাপে ২৯, চতুর্থ ধাপে ৩৫ এবং পঞ্চম ধাপে ৪২ জন নৌকা প্রতীকের প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হলেন।
পঞ্চম ধাপে নৌকায় পার যে ৪২ ইউপি
কুমিল্লার তিতাস উপজেলার জিয়াকান্দি, লাঙ্গলকোটের বাক্সগঞ্জ, বুড়িচংয়ের ভারেল্লা উত্তর, চট্টগ্রামের রাঙ্গুনিয়ার রাজানগর, শিলক, পদুয়া, কোদালা, চন্দনাইশের জোয়ারা, চাঁদপুরের মতলব উত্তরের বাগানবাড়ী, দুর্গাপুর, একলাশপুর, ইসলামাবাদ, মোহনপুর, সাদুল্যাপুর, ষাটনল, ফতেহপুর, নারায়ণগঞ্জের আড়াইহাজারের ব্রাহ্মণদী, দুপ্তারা, ফতেপুর, হাইজাদি, কালাপাহাড়ি, মাহমুদপুর, সাতগ্রাম, উচিতপুর, নড়াইলের লোহাগড়ার কাশিপুর, ফেনীর দাগনভূঞার জায়লস্কর, মুন্সীগঞ্জ সদরের বাংলাবাজার, চরকেরয়ার, গজারিয়ার বাউসিয়া, শরীয়তপুরের নড়িয়ার ভজেশ্বর, ভুমখাড়া, চামটা, ডিংগামনিক, জপসা, জাজিরার বিলাসপুর, সিরাজগঞ্জের কাজীপুরের সোনামুখী, গান্ধাইল, তেকনী, মনসুরনগর, খাসরাজবাড়ি, মানিকগঞ্জের বেতিলা ও দিঘী ইউপি।
আগের চার ধাপের ফল : আ. লীগ ১৮২২, বিএনপি ২৩৭
নির্বাচন কমিশনের হিসাবে, প্রথম ধাপে ৭৪ শতাংশ, দ্বিতীয় ধাপে ৭৮ শতাংশ, তৃতীয় ধাপে ৭৬ শতাংশ ও চতুর্থ ধাপে ৭৭ শতাংশ ভোট পড়েছে। প্রথম ধাপের ৭১২টি ইউপির মধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ৫৪ জনসহ আওয়ামী লীগ ৫৪০, বিএনপি ৪৭ ও স্বতন্ত্র প্রার্থীরা জিতেছেন ১০৯ ইউপিতে।
দ্বিতীয় ধাপের ৬৩৯ ইউপিতে ভোট হয়। এর মধ্যে ১০টিতে পুনঃভোট করতে হবে। বাকি ৬২৯টি ইউপিতে ক্ষমতাসীন আওয়ামী লীগ বিনা প্রতিদ্বন্দ্বিতাসহ ৪৪৭টি, বিএনপি ৬১টি, ১১৫ আসনে স্বতন্ত্র ও বাকি ছয়টি আসনে অন্যান্য দলের প্রার্থীরা জয়ী হয়েছেন। এ ধাপে আওয়ামী লীগের ৩৪ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান হয়েছেন।
তৃতীয় ধাপে ৬১৫ ইউপিতে ভোট হলেও ভোটকেন্দ্র বন্ধ থাকায় পাঁচটি ইউপিতে পুনঃভোট গ্রহণ করতে হবে। ৬১০ ইউপির ফলাফলে আওয়ামী লীগের ৩৯৫ জন, বিএনপির ৬০ জন, ১৩৯ ইউপিতে স্বতন্ত্র ও ছয়টি ইউপিতে অন্য দলের প্রার্থীরা জিতেছেন। এ ধাপে আওয়ামী লীগের ২৯ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান হয়েছেন।
ষষ্ঠ ধাপের ৭২৭ ইউপির ভোট রয়েছে ৪ জুন।

নিজস্ব সংবাদদাতা