অষ্টগ্রামে নির্বাচনী সহিংসতায় আহত একজনের মৃত্যু
কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলায় ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনে দুই সদস্য প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে আহত ইসলাম (২৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার রাত ১০টার দিকে বাজিতপুর উপজেলায় জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
গতকাল বিকেলে সংঘর্ষে গুরুতর আহত হলে তাজুলকে হাসপাতালে নেওয়া হয়। তাজুল উপজেলার কলমা ইউনিয়নের শিবলা গ্রামের রমজান মিয়ার ছেলে। তিনি নির্বাচনে ৭ নম্বর ওয়ার্ডের সদস্য প্রার্থী আক্তার মিয়ার ভাতিজা। আগামী ২৮ মে অষ্টগ্রাম উপজেলার আটটি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।
অষ্টগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম মোল্লা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় এখনো কেউ থানায় মামলা করেনি এবং কাউকে আটক করা হয়নি।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মঙ্গলবার বিকেলে কলমা ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ডের দুই সদস্য প্রার্থী করিম মিয়া ও আক্তার মিয়ার সমর্থকদের মধ্যে প্রথমে কথাকাটাকাটি হয়। একপর্যায়ে সংঘর্ষ শুরু হয়। ঘণ্টাব্যাপী সংঘর্ষে দুই পক্ষের লোকজন দেশীয় অস্ত্র ব্যবহার করে। সংঘর্ষে উভয় পক্ষের ১০ জন আহত হয় বলে জানা গেছে।

মারুফ আহমেদ, কিশোরগঞ্জ