আরো দুই পরীক্ষার তারিখ পরিবর্তন
চলমান ইউনিয়ন পরিষদ (ইউপি) ভোটের কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স এবং ব্যাংকিং ডিপ্লোমার পরীক্ষার তারিখ পরিবর্তনের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এ জন্য ইসির পক্ষ থেকে শিক্ষা মন্ত্রণালয়ের সচিব, জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব এবং ইনস্টিটিউট অব ব্যাংকার্স বাংলাদেশের পরিচালক বরাবর নির্দেশনা পাঠানো হয়েছে।
ইসির উপসচিব ফরহাদ আহাম্মদ খান জানান, পঞ্চম ধাপে ২৮ মে ও ষষ্ঠ ধাপে ৪ জুন ইউপির ভোট রয়েছে। ভোটে কিছু শিক্ষাপ্রতিষ্ঠান ভোটকেন্দ্র হিসেবে ব্যবহার হয় এবং শিক্ষক-ব্যাংক কর্মকর্তাদের অনেকে প্রিসাইডিং ও সহকারী প্রিসাইডিং কর্মকর্তা হিসেবে দায়িত্বে থাকেন। তাঁরা ভোটের আগের দিন নির্বাচনী মালামাল নেওয়া ও ভোটকেন্দ্র প্রস্তুতেও নিয়োজিত থাকবেন।
তাই জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিষয়ের মাস্টার্স পরীক্ষার সময় ২৮ মের পরিবর্তে ভিন্ন তারিখ নির্ধারণের জন্য শিক্ষা মন্ত্রণালয়ের সচিব ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক বরাবর চিঠি পাঠানো হয়েছে।
ফরহাদ আহাম্মদ খান আরো জানান, পঞ্চম ধাপের ইউপি ভোট আগামী ২৮ মে। এতে প্রিসাইডিং ও সহকারী প্রিসাইডিং কর্মকর্তা হিসেবে অনেক ব্যাংক কর্মকর্তা নিয়োজিত থাকবেন। যাঁদের মধ্যে কিছুসংখ্যক ব্যাংকিং ডিপ্লোমা পরীক্ষার্থী।
এ জন্য ২৭ মের তারিখ পরিবর্তন করে ভিন্ন তারিখ নির্ধারণের জন্য ইসির নির্দেশনা ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব এবং ইনস্টিটিউট অব ব্যাংকার্স বাংলাদেশের পরিচালকের কাছে চিঠি পাঠানো হয়েছে।
এতে প্রিসাইডিং ও সহকারী প্রিসাইডিং কর্মকর্তা হিসেবে নিয়োগ পাওয়া অনেক শিক্ষক ও কর্মকর্তা এতে পরীক্ষার্থী রয়েছেন বলে ইসির পাঠানো চিঠিতে উল্লেখ করা হয়।

অনলাইন ডেস্ক