ভৈরবে অটিজম নিয়ে কর্মশালা
উন্নয়নের মূলধারায় অটিস্টিক যুবদের সম্পৃক্ত করতে অটিজম ও স্নায়ুবিকাশজনিত সমস্যাভুক্ত যুবদের প্রতি দায়িত্ববোধ সম্পর্কে সচেতনতা বৃদ্ধিমূলক দিনব্যাপী এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার কিশোরগঞ্জের ভৈরব উপজেলা পরিষদ মিলনায়তনে যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে ওই কর্মশালা অনুষ্ঠিত হয়।
বেলা সাড়ে ১১টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দিলরুবা আহমেদ ওই কর্মশালার উদ্বোধন করেন। এ সময় যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক মো. রোকন উদ্দিন ভূঁইয়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা জলি বদন তৈয়বার সভাপতিত্বে অনুষ্ঠিত ওই কর্মশালায় বক্তব্য দেন অটিজম বিশেষজ্ঞ চিকিৎসক ডা. মো. বেঞ্জামিন, ভৈরব উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা রেহেনা পারভীন, বাজিতপুর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এ কে এম আব্দুল কাদির হিরো, ভৈরব উপজেলা প্রতিবন্ধীবিষয়ক কর্মকর্তা মো. আল আমিন প্রমুখ।
কর্মশালায় অটিজম সচেতনতা, অটিজম কী, অটিজমে আক্রান্ত হওয়ার কারণ কী, অটিজমের লক্ষ্মণ, কোন কোন বিষয় অটিজমের ঝুঁকি বাড়িয়ে দেয়, অটিজম কীভাবে ব্রেইনের ওপর প্রভাব ফেলে, অটিজম হওয়ার সম্ভাবনা কতটুকু, অটিজম প্রতিরোধে করণীয় এবং বাংলাদেশে অটিজমের প্রকোপ কেমন ইত্যাদি বিষয়ে আলোচনা করা হয়।
এ ছাড়া সমাজের অটিজম আক্রান্ত যুবদের উন্নয়নের মূলধারায় অংশ গ্রহণ বাড়াতে যুব উন্নয়নের গ্রহণ করা বিভিন্ন প্রকল্প নিয়ে আলোচনা হয়। অনুরোধ জানানো হয়, ওইসব প্রকল্পে অটিজমদের অংশগ্রহণে কর্মশালায় অংশ নেওয়া প্রতিনিধিরা যাতে অগ্রণী ভূমিকা রাখেন।
‘জেগেছে যুব জেগেছে দেশ, লক্ষ্য ২০৪১-এর উন্নত বাংলাদেশ’ এই স্লোগান নিয়ে আয়োজিত কর্মশালায় স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার ৪০ জন প্রতিনিধি অংশ নেন।

মোস্তাফিজ আমিন, ভৈরব