ভোট দিতে জাতীয় পরিচয়পত্র লাগে না
ভোটের সঙ্গে জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) কোনো সংশ্লিষ্টতা নেই। তবে অনেকেই ভোট দেওয়ার জন্য এনআইডি সঙ্গে নেন। চলমান ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনেও এমনটি দেখা গেছে।
চলছে পঞ্চম ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন। আজ শনিবার দেশের ৭১৭ ইউপিতে ভোটগ্রহণ চলছে।
মানিকগঞ্জের সদর উপজেলার গড়পাড়া ইউনিয়ন পরিষদের ২ নম্বর ওয়ার্ডের ভোটার রিজিয়া খাতুন। আজ ভোট দিতে তিনি সঙ্গে নিয়ে এসেছেন এনআইডি।
এনআইডি নিয়ে এসেছেন কেন জানতে চাইলে রিজিয়া খাতুন বলেন, ‘ভোট দিতে তো এটা লাগে। অফিসাররা চান। লিস্ট (ভোটার তালিকা) দেখতেও নাকি লাগে। তাই নিয়ে আসছি। অনেকেই বাড়ি গেছে এটা আনতে।’
এ বিষয়ে নির্বাচন কমিশনের (ইসি) জনসংযোগ পরিচালক এস এম আসাদুজ্জামান বলেন, ‘ভোট দেওয়ার সঙ্গে এনআইডির কোনো সম্পর্ক নেই। ভোটারের তথ্য ঠিক আছে কি না- তা যাচাইয়ের জন্য কেন্দ্রে ছবিসহ ভোটার তালিকা থাকে। এ বিষয়ে ভোটারদের কেউ ভুল তথ্য দিয়ে বিভ্রান্ত করতে পারে।’

নিজস্ব সংবাদদাতা