সুষ্ঠু ভোট এখন ইতিহাসের পাতায় : বিএনপি
‘সরকারি দলের ক্যাডাররা রক্তাক্ত সহিংসতা, অনিয়ন্ত্রিত উচ্ছৃঙ্খলতায় প্রাণহরণের বিভীষিকায় এই দফাতেও সেই ট্র্যাডিশন সমানে চলেছে। এ দেশের সাধারণ মানুষ সন্ত্রস্ত হয়ে পড়েছে তাদের মতদানের প্রশ্নে। ভোটারদের নিজের ভোটটি নির্ভয়ে-নির্বিঘ্নে-নির্ঝঞ্ঝাটে দেওয়ার পরিবেশ এখন ইতিহাসের পাতায় চলে গেছে।’
পঞ্চম ধাপের নির্বাচন নিয়ে আজ শনিবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এ সময় তিনি কুমিল্লার মুরাদনগর ও হোমনা, চট্টগ্রামের চন্দনাইশ, বোয়ালখালী, রাঙ্গুনিয়া, পটিয়া, ফেনীর দাগনভূঁইয়া, ব্রাহ্মণবাড়িয়ার কসবা ও নরসিংদী সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নে ভোটের অনিয়মের চিত্র তুলে ধরেন।
আজ ৪৪ জেলায় ৭১৭ ইউপিতে ভোট হয়। সকাল ৮টা থেকে শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত ভোট চলে। এর মধ্যে দুপুর ১২টা পর্যন্ত ছয়জনের মৃত্যুর খবর আসে তিন জেলা থেকে। এ ছাড়া কেন্দ্র দখল, গোলাগুলি, জাল ভোট, অনিয়মের অভিযোগ এনে প্রার্থীদের ভোট বর্জনের চিত্র ছিল কম-বেশি আগের মতোই।
তবে দুপুরেই নির্বাচন কমিশনার আবু হাফিজ গণমাধ্যমকর্মীদের কাছে দাবি করেন, ‘তুলনামূলক ভালো’ ভোট হচ্ছে।
ইউপি নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকে এখন পর্যন্ত বিভিন্ন স্থানে নির্বাচনী সহিংসতায় প্রায় ৮০ জনের প্রাণহানি হয়েছে গণমাধ্যমের প্রকাশিত বিভিন্ন খবরে উল্লেখ করা হয়েছে। এ সময়ে আহত হয়েছে আরো পাঁচ হাজারের বেশি মানুষ। অনেক স্থানে নির্বাচনোত্তর সহিংসতার ঘটনাও ঘটেছে। এ ছাড়া এবারের ইউপি নির্বাচনে বিনা ভোটে নির্বাচিত হওয়ার প্রবণতাও অনেক বেশি।
নির্বাচন কমিশন নির্বাচনী পরিবেশ ও প্রক্রিয়াকে সম্পূর্ণ কলঙ্কিত করে ফেলেছে উল্লেখ করে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব বলেন, ‘আমজনমানসে নির্বাচন কমিশন যেন ক্ষমতাসীনদের একটি ক্লাবঘর বলে বোধ হচ্ছে। গণতন্ত্রস্বীকৃত ভোটাধিকার একটি সবচাইতে গুরুত্বপূর্ণ অধিকার, সেই অধিকারকে বর্তমান ভোটারবিহীন সরকার ছিনিয়ে নিয়েছে। আর নির্বাচন কমিশন তাতে সহায়তাদান করেছে।’
‘আসলে এই কমিশন সংযম ও দায়িত্ব পালন না করে সরকারের অনুগ্রহজীবী হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করেছে। চাকরি রক্ষার তীব্র মনস্ককামনাই কমিশনের লক্ষ্য। নির্বাচন কমিশনের উর্দ্ধতন কর্তারা মৃদভাষী, সুভদ্র, কৃতবিদ্য মানুষ, কিন্তু তারা সত্যের জন্য, সম্মানের জন্য, আত্মমর্যাদার জন্য কিছুই করতে পারলেন না।’
রিজভী আরো বলেন, এদেশে নির্বাচনী ইতিহাসে এই নির্বাচন কমিশন এক কলঙ্কজনক অধ্যায় রচনা করলেন।

নিজস্ব প্রতিবেদক