উল্লাপাড়ায় ৪ চেয়ারম্যান ও ৯ সদস্য প্রার্থীকে জরিমানা
ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের দায়ে সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় চার চেয়ারম্যান পদপ্রার্থী ও নয়জন সদস্য প্রার্থীকে ৩০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার বিকেল থেকে গভীর রাত পর্যন্ত উপজেলার পূর্ণিমাগাঁতী, বাঙালা ও হাটিকুমরুল ইউনিয়নে এ অভিযান চালানো হয়।
অর্থদণ্ডাদেশ পাওয়া চেয়ারম্যান পদপ্রার্থীরা হলেন পূর্ণিমাগাঁতী ইউনিয়নের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী খলিলুর রহমান, বিএনপি মনোনীত প্রার্থী বুলবুল কবির, বাঙালা ইউনিয়নের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সোহেল রানা ও স্বতন্ত্র প্রার্থী নাসিরুল ইসলাম নসু।
উল্লাপাড়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আকরাম হোসেন এ তথ্য নিশ্চিত করে বলেন, আচরণবিধি লঙ্ঘন করে দেওয়ালে পোস্টার লাগানো, প্যানাবোর্ড স্থাপন ও যানবাহনে স্টিকার লাগানোর অভিযোগে পূর্ণিমাগাঁতী ও বাঙালা ইউনিয়নের চার চেয়ারম্যান প্রার্থীকে ১২ হাজার টাকা এবং হাটিকুমরুল ইউনিয়নের নয়জন সদস্য প্রার্থীকে ১৮ হাজার টাকা জরিমানা করা হয়।

এ বি এম ফজলুর রহমান, পাবনা