পাকুন্দিয়ায় পেট্রলবোমা নিক্ষেপ, কাভার্ডভ্যান খাদে
কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় গতকাল সোমবার রাত ১০টার দিকে মালবোঝাই একটি কাভার্ডভ্যানে পেট্রলবোমা নিক্ষেপ করে দুর্বৃত্তরা। এতে নিয়ন্ত্রণ হারিয়ে কাভার্ডভ্যানটি রাস্তার পাশে উল্টে যায়। এ ঘটনায় চালকের সহকারী মামুন আহত হন।
কাভার্ডভ্যানের চালক আবদুল হাকিম জানান, গতকাল বিকেলে ইজাব কোম্পানির কাভার্ডভ্যানটি (ঢাকা মেট্রো উ-১৪-০৯৭২) ঢাকা থেকে কিশোরগঞ্জের উদ্দেশে রওনা হয়। রাত ১০টার দিকে কিশোরগঞ্জ-পাকুন্দিয়া সড়কের কোদালিয়া এলাকা পার হওয়ার সময় দুর্বৃত্তরা বাইরে থেকে পেট্রলবোমা নিক্ষেপ করে। এতে জানালার কাচ ভেঙে পেট্রলবোমাটি ভেতরে ঢুকে আগুন ধরে যায়। এ সময় চালক ও চালকের সহকারী দ্রুত নেমে যাওয়ার পর কাভার্ডভ্যানটি রাস্তার পাশে উল্টে যায়। এতে চালকের সহকারী মামুন সামান্য আহত হন।
পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির রাব্বানী জানান, এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি। পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেনি।
এদিকে, হরতালের কারণে দূরপাল্লার যানবাহন চলাচল বন্ধ রয়েছে। তবে ট্রেনসহ অন্যান্য যান চলাচল স্বাভাবিক রয়েছে। হরতাল চলাকালে কেউ গ্রেপ্তার হয়নি।

মারুফ আহমেদ, কিশোরগঞ্জ