বিজিবিতে প্রথমবারের মতো নারী সদস্য
বর্ডার গার্ড বাংলাদেশে (বিজিবি) প্রথমবারের মতো ৯৭ নারী সদস্যকে নিয়োগ দেওয়া হয়েছে। আগামী ৫ জুন চট্টগ্রাম সাতকানিয়ায় পাসিং আউট শেষে তাঁরা বিভিন্ন সীমান্তে ও গুরুত্বপূর্ণ স্থানে দায়িত্ব পালন করবেন।
আজ বৃহস্পতিবার বিজিবি সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল আজিজ আহমেদ এ তথ্য জানান বলে বার্তা সংস্তা বাসসের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
এ সময় বিজিবি মহাপরিচালক বলেন, আগামী জুলাই মাসে আরো ১০০ জন নারীকে নিয়োগ দেওয়া হবে। ২০১৫ সালে ৯৭ জন নারী সদস্যকে নিয়োগ দেওয়া হয়। দীর্ঘ প্রশিক্ষণ শেষে আগামী ৫ জুন থেকে তাঁরা দায়িত্ব পালন করবেন।
টেকনাফ ও বেনাপোলের মতো যেসব এলাকায় নারী পাচারকারীদের আনাগোনা রয়েছে সেখানে তাঁদের পোস্টিং দেওয়া হবে। এ ছাড়া তাঁরা বিজিবির গেটগুলোতেও নিরাপত্তার দায়িত্বে থাকবেন।
মেজর জেনারেল আজিজ আহমেদ বলেন, সীমান্ত এলাকায় নারী পাচারকারী ও চোরাকারবারি আটক হলে বা সন্দেহ হলে সেখানে তল্লাশির ক্ষেত্রে বিজিবিকে বিব্রতকর অবস্থায় পড়তে হয়। এ জন্য স্পর্শকাতর স্থানগুলোতে নারী সদস্যদের মোতায়েন করা হবে।

অনলাইন ডেস্ক