জয়পুরহাটে অটোরিকশার চাপায় ২ জন নিহত
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার কুসুম্বা ইউনিয়নের বিদ্ধি গ্রাম এলাকায় ব্যাটারিচালিত একটি অটোরিকশার নিচে চাপা পড়ে দুজন নিহত হয়েছে। গুরুতর আহত হয়েছে একজন। আজ মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন বিদ্ধি গ্রামের জিতেশ কুমারের ছেলে সন্তোষ কুমার ও পরিমল চন্দ্রের ছেলে জিতেন চন্দ্র। গুরুতর আহত শামছুল ইসলামকে আশঙ্কাজনক অবস্থায় পাঁচবিবি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম জানান, সন্ধ্যা ৭টার দিকে জয়পুরহাটের পাঁচবিবি-কামদিয়া সড়কের বিদ্দিগ্রাম এলাকায় সড়কের পাশে তিনজন বসে ছিলেন। ওই সময় পাঁচবিবি থেকে ছেড়ে আসা ব্যাটারিচালিত একটি অটোরিকশা ওই স্থানে গিয়ে হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে তাঁদের ওপর গিয়ে পড়ে। এতে অটোরিকশার নিচে চাপা পড়ে তিনজনই গুরুতর আহত হন। আশঙ্কাজনক অবস্থায় তাদের হাসপাতালে নেওয়ার পথে সন্তোষ কুমার ও জিতেন চন্দ্র নামের দুজনের মৃত্যু হয়। একই গ্রামের গুরুতর আহত শামছুল ইসলামকে পাঁচবিবি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এ ঘটনায় অটোরিকশাটিকে আটক করছে পুলিশ। চালক পালিয়ে গেলেও তাঁর বিরুদ্ধে পাঁচবিবি থানায় মামলা করা হয়েছে।

শাহজাহান সিরাজ মিঠু, জয়পুরহাট