আরাকান আর্মির হাতে আটক ৩ কিশোরকে ফিরিয়ে আনল বিজিবি
মিয়ানমারের বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র সংগঠন আরাকান আর্মির হাতে আটক তিন বাংলাদেশি কিশোরকে সফল মধ্যস্থতার মাধ্যমে দেশে ফিরিয়ে এনেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার (৬ মার্চ) দুপুরে বান্দরবানের ঘুমধুম সীমান্তের ‘ফ্রেন্ডশিপ ব্রিজ’ দিয়ে তাদের বিজিবির কাছে হস্তান্তর করে মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী।
ফিরে আসা ব্যক্তিরা হলেন—বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়ন পশ্চিমপাড়া এলাকার মো. বাপ্পি (২৮), একই এলাকার ওসমান গনি রাব্বি (১৮) এবং টাঙ্গাইল জেলার দেলদুয়ার উপজেলার হেরেন্দ্রপাড়া এলাকার মো. জনি মিয়া (২২)। বিজিবি জানায়, গত ১৪ ফেব্রুয়ারি তুমব্রু সীমান্ত এলাকা থেকে একজনকে এবং ২৮ ফেব্রুয়ারি বালুখালী নদী এলাকায় মাছ ধরতে গেলে আরও দুইজনকে আরাকান আর্মি ধরে নিয়ে যায়।
পরিবারের দেওয়া তথ্যের ভিত্তিতে বিজিবি কর্তৃপক্ষ আরাকান আর্মির সঙ্গে যোগাযোগ স্থাপন করে তাদের মুক্তির বিষয়ে প্রয়োজনীয় সমন্বয় শুরু করে। দীর্ঘ প্রচেষ্টার পর শুক্রবার দুপুরে তাদের হস্তান্তর করা হলে বিজিবি যাচাই-বাছাই শেষে স্বজনদের উপস্থিতিতে তাদের পরিবারের কাছে বুঝিয়ে দেয়। নিরাপদে সন্তানদের ফিরে পেয়ে বিজিবির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন পরিবারের সদস্যরা।
বিজিবি ৩৪ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মিয়ানমারের অভ্যন্তরে বিভিন্ন সময়ে আটক হওয়া তিন বাংলাদেশি নাগরিককে বিজিবির ঐকান্তিক প্রচেষ্টায় দেশে ফিরিয়ে আনা সম্ভব হয়েছে। তিনি আরও বলেন, সীমান্ত নিরাপত্তার পাশাপাশি চোরাচালান, মাদক পাচার ও অবৈধ অনুপ্রবেশ দমনে বিজিবি সবসময় সজাগ রয়েছে এবং সীমান্তবাসীর নিরাপত্তা নিশ্চিতে কাজ করে যাচ্ছে।

আলাউদ্দিন শাহরিয়ার, বান্দরবান