পাঁচবিবিতে ভেজাল সেমাই জব্দ, ৫০ হাজার টাকা জরিমানা
জয়পুরহাটের পাঁচবিবিতে অনুমোদনহীন কারখানা থেকে লক্ষাধিক টাকার ভেজাল সেমাই জব্দ করা হয়েছে। উপজেলার ভারত সীমান্তবর্তী তাঁতিপাড়া গ্রামের এ ঘটনায় আজ বৃহস্পতিবার ভ্রাম্যামাণ আদালত বসিয়ে ওই সেমাই কারখানার মালিকসহ দুই জনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
ভ্রাম্যামাণ আদালতের বিচারক নির্বাহী হাকিম উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফিরোজ হাসান এই জরিমানা আদায় করেন। জব্দ করা সেমাই স্থানীয় ছোট যমুনা নদীতে ফেলে বিনষ্ট করা হয়েছে।
দণ্ড পাওয়ারা হলেন, কারখানার মালিক পাঁচবিবি উপজেলার সোনাপুর তাঁতিপাড়া গ্রামের আব্দুল কুদুস (৪৮) ও তাঁর সহযোগী এনামুল হক (৩৩)।
জানা গেছে, ঈদ উপলক্ষে পাঁচবিবি উপজেলার সীমান্তবর্তী বাগজানা ইউনিয়নের সোনাপুর তাঁতিপাড়া গ্রামে বাংলাদেশ স্ট্যন্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) অনুমোদন ছাড়া অবৈধভাবে কারখানা স্থাপন করে ভেজাল সেমাই তৈরি করা হচ্ছিল। গোপন সূত্রে এ খবর জানতে পেয়ে গতকাল বুধবার দিবাগত রাত সাড়ে ৩টায় পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম একদল পুলিশ কনস্টেবলসহ ঘটনাস্থলে গিয়ে লক্ষাধিক টাকার মূল্যের এক ট্রাক ভেজাল সেমাই জব্দ করে থানায় নিয়ে আসেন।
আজ সকালে কারখানার মালিক আব্দুল কুদুস ও তাঁর সহযোগী এনামুল হককে ভ্রাম্যামাণ আদালতে হাজির করলে বিচারক তাদের ২৫ হাজার টাকা করে মোট ৫০ হাজার টাকা জরিমানা আদায় করেন। পরে জব্দকৃত ভেজাল সেমাই পাঁচবিবির মাওরিতলা ব্রিজের ওপর থেকে ছোট যমুনা নদীর পানিতে ফেলে বিনষ্ট করা হয়।

শাহজাহান সিরাজ মিঠু, জয়পুরহাট