হেরোইন বিক্রির দায়ে মাদক ব্যবসায়ীর যাবজ্জীবন কারাদণ্ড
পাবনায় হেরোইন বিক্রির দায়ে এক মাদক ব্যবসায়ীকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার (৫ মার্চ) দুপুরে পাবনার স্পেশাল ও জেলা জজ আবু সালেহ মো. সালাউদ্দিন খাঁ এই রায় দেন।
রায়ে আসামিকে ১০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ডাদেশ দেওয়া হয়।
দণ্ডাদেশপ্রাপ্ত আসামি মো. সুজন হোসেন সদর উপজেলার মাদকের সাম্রাজ্য হিসেবে পরিচিত লস্করপুর দক্ষিণপাড়ার মো. মনসুর আলীর ছেলে।
মামলার বিবরণে জানা গেছে, গোপন সূত্রের মাধ্যমে খবর পেয়ে জেলা গোয়েন্দা পুলিশ ২০২২ সালের ২২ জুলাই সদর উপজেলার কবিরপুর এলাকায় অভিযান চালিয়ে ১৮০ পুরিয়া (৬৫ গ্রাম) হেরোইনসহ মাদক ব্যবসায়ী সুজনকে গ্রেপ্তার করে। এ ঘটনায় ডিবি পুলিশের উপপরিদর্শক (এসআই) তানভীর বাদী হয়ে পাবনা থানায় তার বিরুদ্ধে মাদক আইনে নিয়মিত মামলা করেন। এ মামলায় আসামি পরে জামিন নিয়ে পলাতক থাকেন এবং দীর্ঘ সাক্ষ্য প্রমাণ শেষে আজ আদালত রায়ে তাকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দেন।
মামলায় সরকার পক্ষে পিপি অ্যাডভোকেট রাজিউর রহমান রঞ্জু এবং আসামি পক্ষে আইনজীবী ছিলেন অ্যাডভোকেট কামরুল হাসান।

এ বি এম ফজলুর রহমান, পাবনা