৩৫তম বিসিএস প্রিলির ফল প্রকাশ
৩৫তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ করেছে সরকারি কর্মকমিশন (পিএসসি)। এতে জানানো হয়, লিখিত পরীক্ষার জন্য উত্তীর্ণ হয়েছেন ২০ হাজার ৩৯১ জন। আজ বুধবার বিকেলে সরকারি কর্মকমিশনের ওয়েবসাইটে ফল প্রকাশ করা হয়। গত ৬ মার্চ এই পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল।
পিএসসির ওয়েসবাইট থেকে (http://www.bpsc.gov.bd) এ ফল জানা যাবে। এ ছাড়া টেলিটক মোবাইল থেকে PSC লিখে একটি স্পেস দিয়ে ৩৫ লিখে স্পেস দিয়ে রেজিস্ট্রেশন নম্বর লিখে ১৬২২২ নম্বরে এসএমএস পাঠিয়েও ফল পাওয়া যাবে।
গত বছরের ২৩ সেপ্টেম্বর এক হাজার ৮০৩টি পদে নিয়োগ দিতে ৩৫তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল পিএসসি। আর ৬ মার্চ এই প্রিলিমিনারি পরীক্ষায় দুই লাখ ৪৪ হাজার ১০৭ জন প্রার্থী অংশ নেন, যা ছিল এই পরীক্ষার ইতিহাসে সর্বোচ্চসংখ্যক প্রার্থী।
উত্তীর্ণ প্রার্থীরা ১৫ এপ্রিল সকাল ১০টায় পিএসসির ওয়েসবাইট থেকে লিখিত পরীক্ষার ফরম সংগ্রহ করতে পারবেন। এই ফরম জমা দেওয়া যাবে ৩০ এপ্রিল পর্যন্ত প্রতি সরকারি কর্মদিবসের সকাল ১০টা থেকে বিকেল ৪টার মধ্যে।
পিএসসির আগারগাঁও, শেরে বাংলানগর ও ঢাকার প্রধান কার্যালয় ছাড়াও চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, সিলেট, বরিশাল ও রংপুরের বিভাগীয় শহরে কমিশনের সংশ্লিষ্ট আঞ্চলিক কার্যালয়ে লিখিত পরীক্ষার ফরম জমা দেওয়া যাবে।

অনলাইন ডেস্ক