ছাত্রদল দেশ ও মানুষের সেবায় কাজ করছে : ডিএনসিসি প্রশাসক
ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান বলেছেন, দীর্ঘ ১৭ বছরের অত্যাচার, নির্যাতন, নিপীড়ন ও আত্মত্যাগের মধ্য দিয়ে গড়ে ওঠা ছাত্রদল প্রধানমন্ত্রীর নির্দেশনায় দেশ ও মানুষের সেবায় কাজ করে যাচ্ছে।
বুধবার (২২ জুলাই) রাজধানীর মহাখালীতে ন্যাশনাল ইনস্টিটিউট অব হেলথে ছাত্রদল আয়োজিত বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা অভিযান এবং শহীদ ওয়াসিম আকরাম চত্বর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন শফিকুল ইসলাম খান।
ডিএনসিসি প্রশাসক বলেন, আজকের ছাত্রদল একদিনে তৈরি হয়নি। দীর্ঘ ১৭ বছরে সংগঠনটির নেতাকর্মীদের অনেক ত্যাগ স্বীকার করতে হয়েছে। বিগত সরকারের সময়ে নির্যাতনের কারণে বহু ছাত্রদল নেতা প্রাণ হারিয়েছেন। তাদের অবদান জাতির স্মরণে রাখা উচিত।
শফিকুল ইসলাম খান বলেন, বিগত সরকারের আমলে আন্দোলন-সংগ্রামে অংশ নিয়ে হাজার হাজার নেতাকর্মী নির্যাতন-নিপীড়নের শিকার হয়েছেন। অনেকেই নিহত, আহত ও পঙ্গুত্ব বরণ করেছেন। তাদের আত্মত্যাগও সবসময় স্মরণ করা হবে।
শফিকুল ইসলাম খান আরও বলেন, জুলাই আন্দোলনে ছাত্রদলের নেতাকর্মীরা যেভাবে হত্যার শিকার হয়েছেন, অন্য কোনো রাজনৈতিক দলের নেতাকর্মীরা সে ধরনের হত্যাকাণ্ডের শিকার হননি।
ডিএনসিসি প্রশাসক বলেন, জুলাই আন্দোলনের শহীদ ওয়াসিম আকরামের আত্মত্যাগ চিরস্মরণীয় হয়ে থাকবে। শহীদ ওয়াসিম আকরাম চত্বর উদ্বোধনের মাধ্যমে নতুন প্রজন্ম তার আত্মত্যাগ সম্পর্কে জানতে ও তাকে স্মরণ করতে পারবে।
ডিএনসিসি প্রশাসক আরও বলেন, ছাত্রদল সবসময় দেশের মানুষের কল্যাণে বৃক্ষরোপণ, পরিচ্ছন্নতা অভিযানসহ বিভিন্ন সেবামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে এবং ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে।
অনুষ্ঠানে ন্যাশনাল ইনস্টিটিউট অব হেলথের অধ্যক্ষ, কলেজ ছাত্রদলের সভাপতি এবং শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)