যানবাহনের গতি নিয়ন্ত্রণ সম্ভব হলে সড়ক নিরাপদ হয়ে উঠবে : ডিএনসিসি প্রশাসক
যানবাহনের গতি নিয়ন্ত্রণ করা সম্ভব হলে সড়ক পথচারীদের জন্য অনেকাংশে নিরাপদ হয়ে উঠবে বলে মন্তব্য করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান।
আজ শনিবার (১১ জুলাই) ডিএনসিসির মিলনায়তনে এক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রশাসক এ কথা বলেন। ডিএনসিসি ও আন্তর্জাতিক সংস্থা ওয়ার্ল্ড রিসোর্সেস ইনস্টিটিউটের (ডব্লিউআরআই) উদ্যোগে এ কর্মশালার আয়োজন করা হয়।
সড়ক নিরাপত্তায় সমন্বিত পদক্ষেপ নেওয়া হচ্ছে জানিয়ে ডিএনসিসি প্রশাসক বলেন, পরিকল্পিত সড়ক ডিজাইনের মাধ্যমে পথচারীদের নিরাপদ সড়ক পারাপার নিশ্চিত করা, সিগনাল ও জেব্রা ক্রসিংয়ের পূর্বে রেইজড ক্রসিং (সড়ক থেকে উচুঁ করে ফুটপাত সমান্তরাল পারাপার) ও গতিরোধক স্থাপনের মাধ্যমে যানবাহনের অতিরিক্ত গতি নিয়ন্ত্রণ করা সম্ভব।
প্রশাসক শফিকুল ইসলাম আরও বলেন, সড়ক নিরাপত্তাসহ শহরের সমন্বিত উন্নয়নে প্রধানমন্ত্রী খুবই ইতিবাচক। ‘সড়ক নিরাপত্তায় ডিএনসিসি’ ও ব্লুমবার্গ ফিলানথ্রপিস ইনিশিয়েটিভ ফর গ্লোবাল রোড সেফটির (বিআইজিআরএস) আওতায় ঢাকায় চলমান কার্যক্রম প্রধানমন্ত্রীকে অবগত করা হবে।
‘বিআইজিআরএস বাংলাদেশ সমন্বয়কারী ও সাবেক অতিরিক্ত সচিব মো. আবদুল ওয়াদুদের সভাপতিত্বে ব্লুমবার্গ ফিলানথ্রপিস ইনিশিয়েটিভ ফর গ্লোবাল রোড সেফটি’ (বিআইজিআরএস) এর আওতায় দিনব্যাপী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা (উপসচিব) মুহাম্মদ আসাদুজ্জামান, প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ রাকিবুল হাসান এবং অতিরিক্ত প্রধান প্রকৌশলী খন্দকার মাহবুব আলম।
প্রশিক্ষণে ডিএনসিসির অর্ধশতাধিক প্রকৌশলী অংশ নেন। এ ছাড়া বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ), ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি), ঢাকা ট্রান্সপোর্ট কো-অর্ডিনেশন অথরিটি (ডিটিসিএ) এবং সড়ক ও জনপথ বিভাগের (সওজ) কর্মকর্তারা অংশগ্রহণ করেন।
এ সময় ঢাকা ট্রান্সপোর্ট কোঅর্ডিনেশন অথরিটির (ডিটিসিএ) সিনিয়র রোড সেফটি স্পেশালিস্ট মামুনুর রহমান, বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটির (বিআরটিএ) উপপরিচালক সুবীর কুমার সরকার, ডিএনসিসির নির্বাহী প্রকৌশলী (ট্রাফিক ইঞ্জিনিয়ারিং সার্কেল) নাঈম রায়হান খান, বিআইজিআরএসের এনফোর্সমেন্ট কো-অর্ডিনেটর গোলাম রহমান ও সার্ভিলেন্স কো-অর্ডিনেটর ডা. তানভীর ইবনে আলী উপস্থিত ছিলেন।

নিজস্ব প্রতিবেদক