নৌবাহিনীর সাবেক প্রধান মাহবুব আলী খানের সমাধিতে ডিএনসিসি প্রশাসকের শ্রদ্ধা
নৌবাহিনীর সাবেক প্রধান এবং সাবেক যোগাযোগ ও কৃষিমন্ত্রী মাহবুব আলী খান-এর ৪২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান।
আজ বৃহস্পতিবার (৬ আগস্ট) সকালে রাজধানীর বনানী সামরিক কবরস্থানে মরহুমের কবরে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান তিনি।
শ্রদ্ধা নিবেদন শেষে প্রশাসক মরহুম মাহবুব আলী খানের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাতে অংশ নেন।
এ সময় ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আসাদুজ্জামান, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা কমডোর মো. হুমায়ুন কবির এবং ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের বিভিন্ন বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এদিকে, মাহবুব আলী খানের ৪২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ বাদ জোহর ডিএনসিসির কেন্দ্রীয় মসজিদে বিশেষ দোয়া মাহফিলের আয়োজন রয়েছে।

বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)