রূপগঞ্জে নবনিযুক্ত ইউপি প্রশাসক নূরনবী ভূঁইয়াকে গণসংবর্ধনা
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার সদর ইউনিয়ন পরিষদে নবনিযুক্ত প্রশাসক এবং নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য নূরনবী ভূঁইয়াকে গণসংবর্ধনা দিয়েছেন স্থানীয় বিএনপি নেতাকর্মী ও এলাকাবাসী। শুক্রবার (১৭ জুলাই) বিকেলে উপজেলার দক্ষিণ ব্রাহ্মণখালী এলাকায় এই সংবর্ধনা সভার আয়োজন করা হয়।
রূপগঞ্জ ইউনিয়ন বিএনপির সভাপতি হাবিবুর রহমান বাবুলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রূপগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাজী বাছির উদ্দিন বাচ্চু।
সংবর্ধনা গ্রহণকালে নবনিযুক্ত প্রশাসক ও উপজেলা বিএনপির সহ-সভাপতি নূরনবী ভূঁইয়া বলেন, জনগণের সেবক হিসেবে ইউনিয়ন পরিষদের দায়িত্ব পাওয়ায় আমি রূপগঞ্জবাসীর প্রতি কৃতজ্ঞ। দায়িত্ব নেওয়ার পর আমার প্রথম কাজ হবে আগামী এক মাসের মধ্যে রূপগঞ্জ ইউনিয়নকে সম্পূর্ণ মাদকমুক্ত করা। এ ছাড়া এই ইউনিয়নের সাধারণ মানুষের দোরগোড়ায় কাঙ্ক্ষিত সরকারি সেবা পৌঁছে দিতে আমি অঙ্গীকারবদ্ধ।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাজী বাছির উদ্দিন বাচ্চু বলেন, রূপগঞ্জ ইউনিয়নে আমরাই বাস করি। এখানে আমাদের এলাকায় কাউকে অবৈধভাবে বালি ফেলতে দেওয়া হবে না। বালি ফেলে সাধারণ মানুষের জমি জবরদখল করার দিন শেষ। এ ছাড়া টানমুশুরী এলাকায় দীর্ঘদিন ধরে যে তীব্র জলাবদ্ধতা সৃষ্টি হয়ে আছে, নতুন প্রশাসককে তা নিরসন করে জনগণকে এই দুর্ভোগ থেকে দ্রুত মুক্তি দিতে হবে।
ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জিন্নাত আলীর সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি আবু মোহাম্মদ মাসুম ও উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য সচিব মাসুম বিল্লাহ। এ সময় স্থানীয় বিএনপি, অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ রূপগঞ্জ সদর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের বিপুলসংখ্যক বাসিন্দা উপস্থিত ছিলেন।

শাকিল আহম্মেদ, নারায়ণগঞ্জ (রূপগঞ্জ)