রূপগঞ্জে সাংবাদিকের ওপর হামলার অভিযোগ
নারায়ণগঞ্জের রূপগঞ্জে সংবাদ প্রকাশের জেরে মো. মাছুম মিয়া নামের এক সাংবাদিকের ওপর ধারালো অস্ত্র দিয়ে হামলার অভিযোগ উঠেছে। হামলায় তার বাম চোখের ওপরের অংশে গুরুতর রক্তাক্ত জখম হয়েছে। তাকে রক্ষা করতে এগিয়ে এসে হামলার শিকার হয়েছেন তার বড় ভাই মাসুদ মিয়াও। এ সময় হামলাকারীরা মাসুদ মিয়ার পকেট থেকে নগদ ২৫ হাজার টাকা ছিনিয়ে নিয়ে গেছে বলে অভিযোগ করা হয়েছে।
বৃহস্পতিবার (১ অক্টোবর) বিকেলে রূপগঞ্জ থানার মঠের ঘাট এলাকায় এ ঘটনা ঘটে। আহত মাছুম মিয়া দৈনিক যুগ-যুগান্তর পত্রিকা ও অনলাইন সংবাদমাধ্যম ‘এমএইচ নিউজ-২৪’র রূপগঞ্জ প্রতিনিধি হিসেবে কর্মরত।
এ ঘটনায় সাংবাদিক মাছুম মিয়া বাদী হয়ে রূপগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগে জাঙ্গীর এলাকার শাহিদুল ইসলাম সাহেদ (৩০), মো. জাহিদুল (৪০), মো. আবু সাঈদ (৩৫) এবং অজ্ঞাতনামা আরও ৪-৫ জনকে অভিযুক্ত করা হয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, গত ১৩ আগস্ট অভিযুক্তদের অপকর্ম নিয়ে অনলাইনে একটি সংবাদ প্রকাশ করেন মাছুম মিয়া। এর পর থেকেই তাকে বিভিন্ন সময় ভয়ভীতি ও হুমকি দেওয়া হচ্ছিল। এরই জের ধরে বৃহস্পতিবার বিকেলে মঠের ঘাট এলাকায় দেশীয় অস্ত্র, ধারালো ছেনদা, চাপাতি ও লোহার রড নিয়ে তার গতিরোধ করে অভিযুক্তরা। এ সময় একজন চাপাতি দিয়ে আঘাত করলে মাছুম মিয়ার বাম চোখের ওপরে গুরুতর জখম হয়। তাকে বাঁচাতে ভাই মাসুদ মিয়া এগিয়ে এলে তাকেও মারধর করা হয় এবং তার পকেট থেকে ২৫ হাজার টাকা নিয়ে যাওয়া হয়।
ঘটনার পর আহত দুই ভাই প্রাথমিক চিকিৎসা গ্রহণ করেছেন। ভুক্তভোগীরা ঘটনার সুষ্ঠু তদন্ত করে হামলাকারীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থার দাবি জানিয়েছেন।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইচএম সালাউদ্দিন বলেন, লিখিত অভিযোগটি গ্রহণ করা হয়েছে। বিষয়টি তদন্ত করে সত্যতা যাচাই সাপেক্ষে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

শাকিল আহম্মেদ, নারায়ণগঞ্জ (রূপগঞ্জ)