ঢাবি অধ্যাপক বীর মুক্তিযোদ্ধা ড. নিম চন্দ্র ভৌমিক আর নেই
বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের অন্যতম প্রতিষ্ঠাতা, সাবেক সাধারণ সম্পাদক ও সভাপতি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক বীর মুক্তিযোদ্ধা ড. নিম চন্দ্র ভৌমিক আর নেই। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮১ বছর।
শনিবার (৩ অক্টোবর) দিনগত রাত সাড়ে ১২টার দিকে ঢাকার জাতীয় ক্যানসার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
সংগঠনটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মনীন্দ্র কুমার নাথ গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
ড. নিম চন্দ্র ভৌমিক বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের অন্যতম প্রতিষ্ঠাতা, সাবেক সাধারণ সম্পাদক ও সভাপতি ছিলেন। এ ছাড়া তিনি বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ এবং মহানগর সর্বজনীন পূজা কমিটির সাবেক সভাপতির দায়িত্বও পালন করেছেন।
২০০৯ থেকে ২০১২ সাল পর্যন্ত তিনি নেপালে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের সাবেক প্রাধ্যক্ষ এবং বিশ্ববিদ্যালয়ের ফলিত পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ছিলেন।
মুক্তিযুদ্ধ, অসাম্প্রদায়িকতা, সাম্প্রদায়িক সম্প্রীতি, গণতন্ত্র ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠার বিভিন্ন আন্দোলন-সংগ্রামেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন ড. নিম চন্দ্র ভৌমিক।
এক যৌথ শোকবার্তায় তার মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি বাসুদেব ধর ও সাধারণ সম্পাদক সন্তোষ শর্মা এবং মহানগর সর্বজনীন পূজা কমিটির সভাপতি গোপাল চন্দ্র দেবনাথ ও সাধারণ সম্পাদক শুভাশিস কুমার বিশ্বাস সাধন।
প্রয়াত অধ্যাপক ড. নিম চন্দ্র ভৌমিকের প্রতি শ্রদ্ধা জানাতে তাঁর মরদেহ আজ সকালে ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের মেলাঙ্গনে আনা হয়। পরে অধ্যাপক নিম চন্দ্র ভৌমিকের মরদেহ তাঁর গ্রামের বাড়ি নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার গোপালপুর ইউনিয়নের মির্জানগরে নেওয়া হবে। সেখানে বীর মুক্তিযোদ্ধা হিসেবে তাঁকে রাষ্ট্রীয় সম্মাননা দেওয়া হবে। এরপর তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে।

নিজস্ব প্রতিবেদক