প্রাইভেট পড়ে বাড়ি ফেরা হলো না দুই শিশুর
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।
আজ রোববার দুপুরে উপজেলার মুক্তারবস্তি গ্রামের শিমুলপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত দুই শিশু হলো ওই এলাকার রফিকুল ইসলামের ছেলে রাজু (৮) এবং মেহের আলীর মেয়ে মেরিনা বেগম (৮)।
স্থানীয়রা জানায়, প্রাইভেট পড়ে বাড়ি ফেরার পথে চার শিশু পুকুরের পাশে বইপত্র রেখে গোসল করতে নামে। এ সময় রাজু ও মেরিনা পানিতে তলিয়ে যায়।
অন্য দুই শিশু তখন চিৎকার শুরু করে। পরে আশপাশের লোক এসে শিশু দুটির লাশ উদ্ধার করে।
স্থানীয় ইউপি চেয়ারম্যান সফিকুল ইসলাম মুকুল বলেন, ‘ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। আমি গিয়ে শিশুদের লাশ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করেছি।’

মো. লুৎফর রহমান মিঠু, ঠাকুরগাঁও