স্ত্রী-ছেলেসহ তিনজনকে হত্যায় প্রবাসীর মামলা
কুমিল্লার হোমনা উপজেলার মনিপুর গ্রামে স্ত্রী, সন্তান ও ভাতিজাকে গলা কেটে হত্যার ঘটনায় মামলা দায়ের করেছেন সৌদি প্রবাসী মো. জহিরুল ইসলাম। প্রবাস থেকে দেশে ফেরার তিনদিন পর আজ বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) তিনি হোমনা থানায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে এই মামলাটি দায়ের করেন।
পুলিশ ও এজাহার সূত্রে জানা গেছে, গত ১৬ ফেব্রুয়ারি রাত ৮টা থেকে ১৭ ফেব্রুয়ারি সকাল ৮টার মধ্যে যেকোনো সময় উপজেলার জয়নুদ্দিন মুন্সীর বাড়িতে এই নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহতরা হলেন- প্রবাসী জহিরুল ইসলামের স্ত্রী সুকিয়া বেগম (৪০), চার বছরের ছেলে মোহাম্মদ হোসাইন ও পাঁচ বছরের ভাতিজা মোহাম্মদ জোবায়ের। বুধবার ময়নাতদন্ত শেষে সন্ধ্যায় জানাজা শেষে তাদের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
নিহত সুকিয়ার স্বামী জহিরুল ইসলাম বলেন, আমার স্ত্রী আর ছোট অবুঝ শিশুগুলোকে যারা গলা কেটে হত্যা করেছে, আমি তাদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি চাই।
হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদুল আলম চৌধুরী জানান, হত্যাকাণ্ডের বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে দেখা হচ্ছে। বেশ কয়েকটি টিম বিভিন্ন দিক খতিয়ে দেখতে মাঠে কাজ করছে। তদন্তের স্বার্থে এই মুহূর্তে এর বেশি কিছু বলা সম্ভব নয়।

মাহফুজ নান্টু, কুমিল্লা