চান্দিনা মাতালেন হারুন কিসিঞ্জার
কুমিল্লার চান্দিনার রসুলপুর গ্রামে গতকাল দর্শকদের মাত করেন কৌতুক অভিনেতা হারুন কিসিঞ্জার। ছবি : এনটিভি
কুমিল্লার চান্দিনা উপজেলার রসুলপুর গ্রামে দর্শকদের মাতিয়ে গেলেন জনপ্রিয় কৌতুক অভিনেতা হারুন কিসিঞ্জার।
গতকাল শুক্রবার বিকেলে রসুলপুর আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এক ঈদ পুনর্মিলনীর অনুষ্ঠানে দর্শকদের ব্যাপক বিনোদন দেন এ অভিনেতা।
মনোজ্ঞ এ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা আওয়ামী যুবলীগের সহসভাপতি মো. জসিম উদ্দিন।
ওই সময় হারুন কিসিঞ্জারের সঙ্গে গানে ও নৃত্যে দর্শকদের মাত করেন শিল্পী এফ এ সুমন, কিশোর পলাশ, কৌতুক অভিনেত্রী পপি, খুদে গানরাজ ইমরান, রাবু, শিউলী ইসলাম ও নায়ক হৃদয় খান।
অনুষ্ঠানে মাইজখার ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক জামাল উদ্দিন সভাপতিত্ব করেন। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন চান্দিনা উপজেলা পরিষদের চেয়ারম্যান তপন বকসী, পৌর মেয়র মো. মফিজুল ইসলাম,কচুয়া উপজেলার পৌর মেয়র মো. নাজমুল আলম স্বপন প্রমুখ।


কাজী রাশেদ, চান্দিনা