জয়পুরহাটে আগুনে ছাই হলো দোকান
জয়পুরহাট শহরে গতকাল দিবাগত রাতে আগুনে মাহফুজ এন্টারপ্রাইজ নামে একটি দোকান সম্পূর্ণ পুড়ে যায়। ছবি : এনটিভি
জয়পুরহাট শহরের মাড়োয়ারিপট্টিতে একটি হার্ডওয়্যারের দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে দোকানটি সম্পূর্ণ পুড়ে গেছে।
গতকাল বুধবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে।
ওই দোকানের নাম মাহফুজ এন্টারপ্রাইজ। এর স্বত্বাধিকারী হলেন মাহফুজুল হক। তাঁর দাবি, আগুনে ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে।
ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, গতকাল দিবাগত রাতে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে হার্ডওয়্যারের দোকানটিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। দোকানটিতে বিভিন্ন রাসায়নিক দ্রব্য ছিল। এতে মুহূর্তের মধ্যেই আগুন চারদিকে ছড়িয়ে পড়ে গোটা দোকান পুড়ে যায়।
জয়পুরহাট ফায়ার সার্ভিসের পরিদর্শক জাহানুর ইসলাম জানান, ওই দোকানটি থেকে ফায়ার স্টেশনের দূরত্ব পাঁচ মিনিটের। কিন্তু রাসায়নিকের সৃষ্ট আগুন এতটাই ভয়াবহ ছিল যে, ফায়ার সার্ভিস আসার আগেই দোকান সম্পূর্ণ পুড়ে যায়।

শাহজাহান সিরাজ মিঠু, জয়পুরহাট