লক্ষ্মীপুরে ছাত্রলীগের অভ্যন্তরীণ সংঘর্ষে আহত ৫
লক্ষ্মীপুরে ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে পাঁচ নেতাকর্মী আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় জেলা শহরের উত্তর তেমুহনীতে এ ঘটনা ঘটে।
আহতদের মধ্যে লক্ষ্মীপুর সদর থানা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক কনক কারীকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
ছাত্রলীগ সূত্রে জানা গেছে, দালাল বাজার ডিগ্রি কলেজের এক শিক্ষার্থীকে উত্ত্যক্ত করার জের ধরে জেলা ছাত্রলীগের সভাপতি চৌধুরী মাহমুদুন্নবী সোহেল ও সাধারণ সম্পাদক রাকিব হোসেন লোটাসের অনুসারীদের মধ্যে এ সংঘর্ষ হয়। এ সময় উভয় পক্ষ সাত-আটটি গাড়ি ভাঙচুর করে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাকিব হোসেন লোটাস বলেন, ‘আমি ঘটনাস্থলে ছিলাম না, তাই এই ব্যাপারে বিস্তারিত জানি না। তবে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে জেলা ছাত্রলীগের সভাপতি চৌধুরী মাহমুদুন্নবী সোহেল সদর থানার এক কর্মীর গায়ে হাত তুলেছেন বলে শুনেছি।’
এ ব্যাপারে ছাত্রলীগের সভাপতি চৌধুরী মাহমুদুন্নবী সোহেলের সঙ্গে যোগাযোগের চেষ্টা করে তাঁকে পাওয়া যায়নি।
লক্ষ্মীপুরের সহকারী পুলিশ সুপার (সদর) জুনায়েত কাউসার বলেন, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে ক্ষতিগ্রস্ত গাড়ির মালিকরা অভিযোগ করলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

আবুল কালাম আজাদ, লক্ষ্মীপুর