ইসলাম ধ্বংসের লক্ষ্যে জঙ্গিরা আঘাত হানছে : হানিফ
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ বলেছেন, ধর্মের নামে ইসলামকে ধ্বংস করার লক্ষ্যে জঙ্গিরা আঘাত হেনেছে।
আজ বৃহস্পতিবার বিকেলে সাতক্ষীরা শিল্পকলা একাডেমি মিলনায়তনে ইসলামিক ফাউন্ডেশন আয়োজিত ‘ঈদ পুনর্মিলনী এবং জঙ্গিবাদ ও সন্ত্রাস প্রতিরোধে ইসলামের আহ্বান’ শীর্ষক কর্মশালায় হানিফ এ কথা বলেন।
আওয়ামী লীগ নেতা বলেন, মায়ের সঙ্গে যেমন সন্তানের নাড়ির সম্পর্ক, তেমনি মাতৃভূমির সঙ্গে প্রতিটি মানুষের জীবনের সম্পর্ক রয়েছে। এ সম্পর্ক নষ্ট করতে তারা কিছু বিপথগামী যুবককে দিয়ে আঘাত করে মানুষ হত্যা ও ধ্বংসাত্মক কাজে নেমেছে। শান্তির ধর্ম ইসলামের ওপর এই আঘাতকে ঐক্যবদ্ধভাবে প্রতিহত করার আহ্বান জানান তিনি।
হানিফ বলেন, ‘গুলশানকাণ্ডের পর একটি দেশ বাংলাদেশে সেনা সাহায্য দিতে চাইলেও বাংলাদেশ তা প্রত্যাখ্যান করে জবাবে বলেছে, সময়মতো প্রয়োজনীয় সহায়তা নেওয়া হবে।’ তিনি আরো বলেন, গ্রামে-গঞ্জে জঙ্গিবিরোধী জোট গড়তে হবে। এ ছাড়া মুক্তিযুদ্ধের সপক্ষের সব দলকে তাদের নিজ নিজ অবস্থান থেকে জঙ্গিবাদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানান তিনি।
জেলা প্রশাসক আবুল কাশেম মো. মহিউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় আরো বক্তব্য রাখেন সংসদ সদস্য মীর মোস্তাক আহমেদ রবি, জেলা পরিষদের প্রশাসক মুনছুর আহমেদ, পুলিশ সুপার চৌধুরী মঞ্জুরুল কবির, উপজেলা চেয়ারম্যান মো. আসাদুজ্জামান, ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক সৈয়দ মঈন। কর্মশালায় জেলার ইমাম ও আলেম-ওলামারা যোগ দেন।

সুভাষ চৌধুরী, সাতক্ষীরা