বাংলাদেশকে অনুসরণ করা যায়
ঢাকায় নবনিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার সুজা আলম বাংলাদেশে বিভিন্ন ক্ষেত্রে সাফল্যের ভূয়সী প্রশংসা করে বলেছেন, তাঁর দেশ অনেক বিষয়ে বাংলাদেশকে অনুসরণ করতে পারে। পাকিস্তানের হাইকশিমনার আজ বৃহস্পতিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তাঁর কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎকালে এ কথা বলেন।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব এ কে এম শামিম চৌধুরী বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন। তিনি বলেন, বৈঠকে পাকিস্তানের হাইকমিশনার প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশে আর্থ-সামাজিক খাতে উল্লেখযোগ্য উন্নয়নের উচ্ছ্বসিত প্রশংসা করেন, বিশেষ করে নবায়নযোগ্য জ্বালানি খাতে।
বাসস জানায়, বৈঠকে পাকিস্তানের দূত সুজা আলম পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের শুভেচ্ছা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জানান। প্রধানমন্ত্রী শেখ হাসিনা পাকিস্তানের হাইকমিশনারের মাধ্যমে সে দেশের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফকে তাঁর শুভেচ্ছা জানান।
বৈঠকে পাকিস্তানের হাইকমিশনার বর্তমান ক্রিকেট সিরিজে সে দেশের জাতীয় দলকে আমন্ত্রণ জানানোর জন্য বাংলাদেশ সরকারকে ধন্যবাদ জানান।
বৈঠকে শেখ হাসিনা দ্যারিদ্র্যকে অঞ্চলের প্রধান শত্রু হিসেবে উল্লেখ করে দারিদ্র্য বিমোচনে একসাথে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব সুরাইয়া বেগম এবং প্রেস সচিব এ কে এম শামীম চৌধুরী উপস্থিত ছিলেন।

অনলাইন ডেস্ক