শেখ হাসিনার প্রশংসা করলেন ডাচ রানি
দেশের মানুষের অর্থনৈতিক উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভূয়সী প্রশংসা করেছেন নেদারল্যান্ডসের (ডাচ) রানি ম্যাক্সিমা। বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমানের সঙ্গে এক বৈঠকে ডাচ রানি এই মন্তব্য করেন। এ সময় তিনি গত সেপ্টেম্বরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তাঁর বৈঠকের কথা স্মরণ করেন।
বাংলাদেশ ব্যাংকের প্রেস বিজ্ঞপ্তির বরাত দিয়ে বার্তা সংস্থা বাসস জানিয়েছে, গত শুক্রবার যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) প্রধান কার্যালয়ে ডাচ রানি ম্যাক্সিমার সঙ্গে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমানের বৈঠক অনুষ্ঠিত হয়। ‘আইএমএফ-ওয়ার্ল্ড ব্যাংক স্প্রিং মিটিংস ২০১৫’ তে অংশ নিতে বাংলাদেশ ব্যাংকের গভর্নর বর্তমানে যুক্তরাষ্ট্রে আছেন।
দ্বিপক্ষীয় বৈঠকে আতিউর রহমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে ডাচ রানি ম্যাক্সিমাকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান। রানি জানান, আগামী বছরের শুরুতে তিনি বাংলাদেশ সফরে আসবেন এবং সাধারণ মানুষের অর্থনৈতিক উন্নয়নে নেওয়া বিভিন্ন উদ্যোগ ঘুরে দেখবেন।
মোবাইল ফোনে আর্থিক লেনদেনে বাংলাদেশ ব্যাংকের নেওয়া পদক্ষেপের প্রশংসা করেন ডাচ রানি। একই সঙ্গে তিনি নারীর ক্ষমতায়ন, কৃষি এবং ছোট ও মধ্যম উদ্যোক্তাদের (এসএমই) উন্নয়নে প্রয়োজনীয় অর্থনৈতিক সহায়তার প্রশংসা করেন।
বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান মানুষের অর্থনৈতিক উন্নয়নে ডাচ রানির নেওয়া বিভিন্ন উদ্যোগের প্রশংসা করেন। একই সঙ্গে বাংলাদেশে মানুষের অর্থনৈতিক উন্নয়নে নেওয়া বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন।
ডাচ রানি ম্যাক্সিমা জাতিসংঘের মহাসচিবের অর্থনৈতিক উন্নয়নের পদক্ষেপবিষয়ক বিশেষ উপদেষ্টা।
