যশোরে সংসদ সদস্যের বাড়ি ঘেরাও করে বিক্ষোভ
যশোর-৪ আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতের আমির অধ্যাপক গোলাম রসুলের যশোর শহরের নীলগঞ্জ এলাকার বাসভবনের সামনে বিক্ষোভ করছেন স্থানীয়রা। আজ মঙ্গলবার (২৮ জুলাই) সংসদ সদস্যের বাড়ির পাশের আল মাদ্রাসাতুশ শারইয়াহর এক শিশু শিক্ষার্থী ও এক নারীর ওপর এমপি ও তার মেয়ের হামলার অভিযোগকে কেন্দ্র করে এ পরিস্থিতির সৃষ্টি হয়।
স্থানীয়দের অভিযোগ, আল মাদ্রাসাতুশ শারইয়াহ ও সংলগ্ন মসজিদ নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এর জের ধরে আজ সকালে মাদ্রাসার এক শিক্ষার্থী ও রেক্সনা নামে এক নারীর ওপর হামলা চালানো হয়, এতে ওই নারীর মাথা ফেঁটে যায়। এ ছাড়া সংসদ সদস্য মাদ্রাসা বন্ধ রাখতে বলার প্রতিবাদে বিক্ষুব্ধ জনতা এমপির বাড়ির সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করে। এ সময় পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং সংসদ সদস্যের এক স্বজন মারধরের শিকার হন।
খবর পেয়ে যশোর কোতোয়ালি থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে।
বিক্ষুব্ধদের অনেকেই অভিযোগ করেছেন, সংসদ সদস্যের মেয়ে মাদকাসক্ত অবস্থায় শিশু শিক্ষার্থীদের মারধর করেন। তবে সংসদ সদস্য অধ্যাপক গোলাম রসুলের স্ত্রী শারমিন ভিনা জানান, তার মেয়ে মানসিক রোগী। মাদ্রাসা বন্ধ থাকা সত্ত্বেও শিশুরা মাদ্রাসায় গোলযোগ সৃষ্টি করায় তার মেয়ে প্রতিবাদ করেছিলেন বলে দাবি করেন তিনি।
অধ্যাপক গোলাম রসুল দাবি করেন, তার মেয়ে মেহেজাবিন জান্নাত অনন্যা দীর্ঘদিন ধরে মানসিক রোগে ভুগছেন এবং বিশেষজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধানে চিকিৎসাধীন। মাঝেমাঝেই তিনি মানসিক ভারসাম্যহীন হয়ে পড়েন। এ অবস্থায় সাম্প্রতিক ঘটনাকে কেন্দ্র করে বাড়িতে হামলা ও ভাঙচুরের চেষ্টা অত্যন্ত দুঃখজনক।
সংসদ সদস্যের পরিবারের পক্ষ থেকে বলা হয়েছে, অনন্যার চিকিৎসা সংক্রান্ত প্রয়োজনীয় কাগজপত্র তাদের কাছে রয়েছে। প্রয়োজন হলে তদন্তকারী সংস্থার কাছে তা উপস্থাপন করা হবে।

সাইফুল ইসলাম সজল, যশোর