খালেদা জিয়ার সঙ্গে নয়, ঐক্য হবে জনতার সঙ্গে
স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেন, শেখ হাসিনাকে খতম করার জন্য আবারও ১৫ আগস্ট সৃষ্টির ষড়যন্ত্র শুরু হয়েছে। সাবেক শিবির-জামায়াতরাই এখন জঙ্গি। খালেদা জিয়া হাওয়া ভবন বানিয়ে দুর্নীতি করেছেন, সন্ত্রাস ও জঙ্গি তৈরি করে বাংলাভাই বানিয়েছেন। তাঁর সঙ্গে কোনো ঐক্য হতে পারে না। ঐক্য হবে জনতার সঙ্গে।
সন্ত্রাস ও জঙ্গিবাদের প্রতিবাদে আজ শনিবার বিকেলে মাগুরার মহম্মদপুর উপজেলা সদরের আরএসকেএইচ হাইস্কুল মাঠে ১৪ দল আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যকালে স্বাস্থ্যমন্ত্রী এসব কথা বলেন।
মোহাম্মদ নাসিম বলেন, ‘আগামী ১৯ সালের নির্বাচন শেখ হাসিনার অধীনেই হবে।’ জঙ্গি দমনে ১৪ দলের সমন্বয়ে পাড়া-মহল্লায় সন্ত্রাসবিরোধী কমিটি গঠন করে অপরিচিত লোক দেখলেই পুলিশে ধরিয়ে দেওয়ার আহ্বান জানান তিনি।
মহম্মদপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম রব্বানীর সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য দেন মাগুরা-২ আসনের সংসদ সদস্য যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদার, সাম্যবাদী দলের সভাপতি সাবেক মন্ত্রী দিলিপ বড়–য়া, কেন্দ্রীয় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, বি এম মোজাম্মেল হক, ফজলে হোসেন বাদশা, প্রধানমন্ত্রীর একান্ত সহকারী সচিব সাইফুজ্জামান শিখর, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পংকজ কুণ্ডু।
এর আগে স্বাস্থ্যমন্ত্রী মাগুরা সদর হাসপাতাল চত্বরে কমিউনিটি ক্লিনিক ব্রান্ডিং অ্যাকটিভিটিস প্রোগ্রামে যোগ দেন।

শফিকুল ইসলাম শফিক, মাগুরা