ঢাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ
বাংলা নববর্ষ ১৪২২ উদযাপন করতে এসে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় তরুণীদের শ্লীলতাহানির ঘটনার পরিপ্রেক্ষিতে প্রতিবাদ জানিয়েছে প্রগতিশীল ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্র ফেডারেশন ও সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট। ঢাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে তারা এ ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানায়।
এ ঘটনায় দায়ী ব্যক্তিদের গ্রেপ্তার ও বিচার এবং কর্তব্যে অবহেলাকারী পুলিশ ও দায়িত্বহীন ঢাবি প্রক্টরের অপসারণের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে তারা। আজ রোববার দুপুর সোয়া ১২টার দিকে পৃথক পৃথক ব্যানারে তারা এ কর্মসূচি পালন করে।
দুটি মিছিলই শুরু হয় বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিন থেকে। মিছিল দুটি ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ এলাকা প্রদক্ষিণ করে। সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট অপরাজেয় বাংলার পাদদেশে ও বাংলাদেশ ছাত্র ফেডারেশন ডাকসু ক্যাফেটেরিয়ার সামনে গিয়ে মিছিল শেষে সমাবেশ করে।
সমাবেশে নেতারা এ ঘটনার পাঁচদিন পার হয়ে গেলেও ঘটনায় দায়ীদের শনাক্ত করে আটক না করায় ক্ষোভ ও নিন্দা জানান। তাঁরা আরো বলেন, ক্ষমতাসীনদের আশ্রয়ে-প্রশ্রয়ে নারী নির্যাতকরা অপরাধ করেও বিচার ও শাস্তির আওতায় না আসায় দিন দিন সমাজের জন্য ভয়াবহ হুমকিতে পরিণত হয়েছে।
সমাবেশে ছাত্র ফেডারেশনের নেতারা বলেন, ‘সারা দেশে নারীর নিরাপত্তা রক্ষায় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উদাসীনতা ও দায়িত্বহীনতা রাজনৈতিক ক্ষমতার সাথে সম্পর্কিত। প্রশাসন যখন নারীর ওপর যৌন নিপীড়নের ঘটনাকে বিচ্ছিন্ন ঘটনা বলে তখন প্রকারান্তরে যৌন সন্ত্রাসীদের পক্ষেই অবস্থান নেয়। এতে নারীরা সমাজে-রাষ্ট্রে আরো নিরাপত্তাহীন হয়ে পড়ে।’
সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের নেতারা বলেন, ‘বাঙালি জাতির সব অর্জন হয়েছে এই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে। সেই জায়গায় যদি এ ধরনের ন্যক্কারজনক ঘটনা ঘটে তাহলে তা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। অবিলম্বে এ ঘটনার সাথে জড়িত দোষীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে। না হলে ছাত্রসমাজ এর কঠিন জবাব দেবে।’

অনলাইন ডেস্ক