নগর সমস্যা সমাধানে চাই সমন্বিত উদ্যোগ
স্থানীয় সরকার বিশেষজ্ঞ তোফায়েল আহমেদ বলেছেন, ‘আমাদের পুরো স্থানীয় সরকার ব্যবস্থাটাই ত্রুটিপূর্ণ। পুরো স্থানীয় সরকার ব্যবস্থা স্থবির হয়ে আছে। ঢাকার সব সমস্যা ঢাকার মেয়র সমাধান করতে পারবেন, এটা আমি বিশ্বাস করছি না।’
ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদপ্রার্থীদের নিয়ে দৈনিক প্রথম আলো আয়োজিত ‘আমি যদি মেয়র হই’ শীর্ষক গোলটেবিল আলোচনায় তোফায়েল আহমেদ এ কথা বলেন। প্রথম আলোর কার্যালয়ে আয়োজিত এ অনুষ্ঠানে দুই সিটি করপোরেশনের একাধিক মেয়র পদপ্রার্থী উপস্থিত ছিলেন।
সমন্বিত উদ্যোগ নিয়ে সরকারের সাথে সমন্বয় করার দিকেই জোর দিলেন মেয়র পদপ্রার্থীরা। নির্বাচিত হলে সমন্বিত উদ্যোগের মাধ্যমে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছেন প্রার্থীরা।
অনুষ্ঠানে নগর পরিকল্পনাবিদ অধ্যাপক নজরুল ইসলাম বলেন, ‘যিনি মেয়র হন আপনাদের প্রথম দিনের কাজ হবে জনগণের মুখোমুখি হওয়া। নির্বাচিত হওয়ার পরদিন থেকে সময় করে যার যার এলাকায় মানুষের সাথে মিশবেন, ওঠাবসা করবেন।’
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত মেয়র পদপ্রার্থী সাঈদ খোকন বলেন, ‘আমরা সকল নাগরিককে সম্পৃক্ত করে এই সীমাহীন সমস্যার শহরকে বাসযোগ্য করে তুলতে চাই। সে জায়গাটি আমরা করতে চাই দলমত নির্বিশেষে। ঢাকাবাসীর সমস্যার প্রশ্নে, সমাধানের প্রশ্নে আমরা সবাই মিলে দলমতের ঊর্ধ্বে উঠে এ শহরের সমস্যাগুলোকে সমাধান করতে চাই।’
ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত মেয়র পদপ্রার্থী আনিসুল হক বলেন, ‘আমরা পরিচ্ছন্নতাকে অগ্রাধিকার দিচ্ছি। ঢাকাকে আলোকিত করা, রাস্তাঘাট, ফুটপাত তারপর যেগুলো হাতে নেই যেখানে আমার বন্ধুরা বলছেন যে এগুলোর জন্য নগর সরকার প্রয়োজন, মানে সিদ্ধান্ত নেওয়ার জন্য একজনের হাতে ক্ষমতা প্রয়োজন। যানজটের ব্যাপারে পুরোপুরি মেয়রের হাতে নিয়ন্ত্রণ নেই। নিরাপদ নগরী পুরোপুরি মেয়রের নিয়ন্ত্রণে নেই।’
ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি সমর্থিত মেয়র পদপ্রার্থী তাবিথ আউয়াল বলেন, ‘আমি মনে করি এককভাবে সমস্যা সমাধান কেউ করতে পারবে না। সমন্বয়ের দরকার।
সমন্বয় সরকারের সাথে করতে হবে, সমন্বয় সরকারি প্রশাসনের সঙ্গে করতে হবে। সমন্বয় কাউন্সিলের সঙ্গে করতে হবে, বিভিন্ন ওয়ার্ডের নগরবাসীর সঙ্গে করতে হবে। আমি মনে করি সমন্বিত প্রশাসন ব্যবস্থা আনতে হবে। ঢাকা পরিচালনা করার জন্য সবাইকে নিয়ে পরিচালনা করতে হবে।’
ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদপ্রার্থী জোনায়েদ সাকি বলেন, ‘ঢাকা শহরের প্রকৃত সমস্যা যদি সমাধান করতে হয় তাহলে নগর সরকার ব্যবস্থা ছাড়া আর কোনো উপায় নেই।’
একই সিটি করপোরেশন নির্বাচনে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) সমর্থিত আব্দুল্লাহ আল ক্বাফী বলেন, ‘নগরীর সকল শ্রেণি-পেশা নির্বিশেষে আমরা সবাই চাই সবুজ, পরিবেশবান্ধব ও যানজটমুক্ত ঢাকা।’

নিজস্ব প্রতিবেদক