বিদ্যুৎ কেড়ে নিল দুই শিশুর জীবন
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার সোনাপাড়া গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। আজ শুক্রবার দুপুরে জুমার নামাজের সময় এই ঘটনা ঘটে।
নিহত শিশুরা হলো সোনাপাড়া গ্রামের মাহমুদ হোসেনের ছেলে মাহিন (১০) ও আমিনুল ইসলামের ছেলে সোহাগ (১০)। দুই শিশুর অকালমৃত্যুতে তাদের পারিবারে চলছে শোক।
পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম ও স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা গেছে, আজ শুক্রবার দুপুর ১টার দিকে পাঁচবিবি উপজেলার সোনাপাড়া গ্রামে নতুন বিদ্যুতায়নের উদ্বোধন হওয়ার কথা ছিল। সে অনুযায়ী নির্ধারিত স্থানে সবাই সমবেত হয়েছিল। নামাজের সময় হওয়ায় অতিথিসহ সবাই অনুষ্ঠান মঞ্চ ছেড়ে জুমার নামাজ পড়তে পার্শ্ববর্তী মসজিদে যান। ওই সময় স্থানীয় ওই শিশুরা সেখানে খেলতে থাকে। একপর্যায়ে শিশু মাহিন মঞ্চের নিচে বিদ্যুতের খোলা তারে জড়িয়ে বিদ্যুৎপৃষ্ট হয়। উদ্ধারের জন্য অপর শিশু সোহাগ তাকে টানতে গেলে সেও ওই তারে বিদ্যুৎপৃষ্ট হয়। চিৎকার শুনে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে পাঁচবিবির মহীপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
এদিকে দুই শিশুর মৃত্যুর পর পরে আর ওই গ্রামে বিদ্যুতায়নের উদ্বোধন করা হয়নি।

শাহজাহান সিরাজ মিঠু, জয়পুরহাট