দিনাজপুরে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে মা-মেয়ের আত্মহত্যা
দিনাজপুরের ফুলবাড়ীতে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে মা ও মেয়ে আত্মহত্যা করেছে। গতকাল মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রসংলগ্ন রেললাইন থেকে এই দুজনের লাশ উদ্ধার করা হয়।
নিহতরা হলেন সারথি রানী (৪৫) ও তাঁর মেয়ে ফাল্গুনী রানী (১৫)। তাঁরা উপজেলার শিবনগর ইউনিয়নের রাজারামপুর মাছুয়াপাড়া গ্রামের নিবাস চন্দ্রের স্ত্রী ও মেয়ে। ফাল্গুনী আদর্শ কলেজপাড়া কলেজিয়েট স্কুলের নবম শ্রেণির ছাত্রী ছিল।
পুলিশ জানায়, ৩৬৪/২ নম্বর পিলারের কাছে রেললাইনের ওপর ট্রেনে কাটা পড়া দুজনের লাশ দেখে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। রাতেই সারথী ও ফাল্গুনীর লাশ তাঁদের পরিবারের লোকজন শনাক্ত করেন।
পার্বতীপুর রেলওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) আনিছুর রহমান জানান, পারিবারিক কোন্দলের জেরে মা ও মেয়ে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন বলে প্রাথমিক তদন্তে নিশ্চিত হওয়া গেছে। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও এসআই জানান।

মো. ফারুক হোসেন, দিনাজপুর