২৫ এপ্রিল থেকে বৈধ অস্ত্র বহনে নিষেধাজ্ঞা
২৫ এপ্রিল থেকে ১ মে পর্যন্ত সব ধরনের বৈধ অস্ত্র বহন ও প্রদর্শনের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। আজ বৃহস্পতিবার মন্ত্রণালয়ের রাজনৈতিক শাখা-৪ এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে।
মন্ত্রণালয়ের উপসচিব মো. হাবিবুর রহমানের সই করা ওই প্রজ্ঞাপনে বলা হয়েছে যে, আগামী ২৫ এপ্রিল ভোর ৬টা থেকে ১ মে রাত ১২টা পর্যন্ত এই নিষেধাজ্ঞা বলবৎ থাকবে। এতে আরো বলা হয়, আসন্ন ঢাকা উত্তর, দক্ষিণ ও চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচন নির্বিঘ্ন ও ত্রুটিমুক্তভাবে সম্পন্ন করতে জনস্বার্থে লাইসেন্সধারী অস্ত্রের মালিকদের সব ধরনের আগ্নেয়াস্ত্র ব্যবহার, প্রদর্শন ও সঙ্গে নিয়ে চলাফেরার ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হলো। ১৯৭৮ সালের অস্ত্র আইনের ১৭ (ক) (১) ধারার প্রদত্ত ক্ষমতাবলে এ প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
আগামী ২৮ এপ্রিল ঢাকা উত্তর ও দক্ষিণ এবং চট্টগ্রাম সিটি করপোরেশনে নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনকে সামনে রেখে সরকার এই সিদ্ধান্ত নিয়েছে।
এর আগে নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সেনা মোতায়েনের সিদ্ধান্ত নেয় নির্বাচন কমিশন (নিক)। আগামী ২৬ থেকে ২৯ এপ্রিল পর্যন্ত চারদিন সেনাবাহিনী তিন সিটি করপোরেশনে রিজার্ভ ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে কাজ করবে।
আজ বৃহস্পতিবার দুপুরে নির্বাচন কমিশন কার্যালয়ে নির্বাচন কমিশনার মো. শাহ নেওয়াজ সাংবাদিকদের জানান, ক্যান্টনমেন্টের অবস্থান সিটি করপোরেশনের মধ্যেই হওয়ায় সেনাবাহিনী ক্যান্টনমেন্টের ভেতরেই অবস্থান করবে। তবে প্রয়োজন হলে সেনাবাহিনী স্ট্রাইকিং ফোর্স হিসেবে দায়িত্ব পালন করবে।

এম এ নোমান