উলিপুরে অবৈধ বালু উত্তোলন বন্ধের দাবিতে মানববন্ধন
কুড়িগ্রামের উলিপুর উপজেলার বিভিন্ন স্থান থেকে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ এবং জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের দাবিতে পরিবেশ পদযাত্রা ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে ‘গ্রিন ভয়েস’ নামের একটি সংগঠন। আজ রোববার (১ মার্চ) সকালে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
আয়োজকদের দাবি, দীর্ঘদিন ধরে একটি প্রভাবশালী চক্র প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছে। এতে নদীর স্বাভাবিক প্রবাহ ব্যাহত হওয়ার পাশাপাশি পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে এবং নদীসংলগ্ন কৃষিজমি ও বসতভিটা ঝুঁকির মুখে পড়ছে।
কর্মসূচির অংশ হিসেবে পরিবেশ পদযাত্রাটি শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে এসে মানববন্ধন করে। মানববন্ধনে বক্তারা নদী রক্ষায় দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া, অবৈধ বালু উত্তোলন বন্ধ করা এবং জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
মানববন্ধনে বক্তব্য দেন গ্রিন ভয়েস উলিপুর উপজেলা শাখার সভাপতি সারফারাজ সৌরভ, সাংগঠনিক সম্পাদক রোমিও রায়হান, শাহরিয়ার আসাদ ও আবু সোহাগ প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন আবু রায়হান জাকারিয়া। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনটির জেলা শাখার সভাপতি নূরনবী সরকার।
পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে একটি স্মারকলিপি প্রদান দেওয়া হয়।
এ সময় ইউএনও মাহমুদুল হাসান বলেন, সচেতন নাগরিক ও প্রশাসনের সম্মিলিত উদ্যোগেই এ ধরনের সমস্যা মোকাবিলা করা সম্ভব। অবৈধ বালু উত্তোলন ও টপসয়েল কেটে মাটি বিক্রির বিরুদ্ধে প্রশাসনের অভিযান চলমান রয়েছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।

তানভীরুল ইসলাম, কুড়িগ্রাম (চিলমারী- উলিপুর)