২৩ বছরেও শেষ হয়নি নগরপাড়া সেতুর কাজ, দ্রুত চালুর দাবি
নারায়ণগঞ্জের রূপগঞ্জে বালু নদের ওপর নির্মাণাধীন নগরপাড়া সেতুর কাজ দীর্ঘ ২৩ বছরেও শেষ হয়নি। দ্রুত নির্মাণকাজ সম্পন্ন করে সেতুটি চালুর দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে এলাকাবাসী।
শুক্রবার (৩০ অক্টোবর) সকাল ১০টায় উপজেলার নগরপাড়া বাজার এলাকায় ‘পৈতৃক ভিটা মাটি সংরক্ষণ পরিষদ, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ’র উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, খালেদা জিয়ার সরকারের আমলে নেওয়া প্রকল্পটির নির্মাণকাজ ২০০৩ সালে শুরু হয়। ঢাকা-সিলেট ও ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের যানজট নিরসনের লক্ষ্য নিয়ে নির্মিতব্য সেতুটির দৈর্ঘ্য ৭.৩০ মিটার এবং প্রাথমিক ব্যয় ধরা হয়েছিল ৫ কোটি ৬০ লাখ টাকা। তবে আবাসন কোম্পানির সিন্ডিকেট, ঠিকাদারি প্রতিষ্ঠানের কাজ বন্ধ রাখা ও দরপত্র জটিলতাসহ নানা কারণে নির্মাণকাজ থমকে যায় বলে অভিযোগ করেন বক্তারা।
তারা বলেন, সেতুটি চালু না হওয়ায় রূপগঞ্জসহ আশপাশের এলাকার লাখ লাখ মানুষকে রাজধানীতে যাতায়াতে অতিরিক্ত ১২ থেকে ১৩ কিলোমিটার পথ ঘুরতে হচ্ছে। সেতুটি চালু হলে দুই মহাসড়কের যানজট কমার পাশাপাশি এলাকার যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ঘটবে।
এর আগে সড়ক পরিবহণ ও সেতু প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ এবং নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু সেতুটি পরিদর্শন করে দ্রুত নির্মাণকাজ শেষ করার আশ্বাস দেন। জেলা সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী আবদুর রহিমও সেতুটি নির্মাণের প্রয়োজনীয়তা তুলে ধরে শিগগিরই কাজ শুরুর আশা প্রকাশ করেছিলেন।
মানববন্ধনে বক্তব্য দেন আহসান উল্লাহ মাস্টার, অ্যাডভোকেট নাজমুল ইসলাম, রফিকুল ইসলাম, যুবদল নেতা মো. মামুন, সোহেল খান, ব্যাংকার আবু বকর সিদ্দিক, হাসেন আলী ব্যাপারী, শিপলু ও মোবারক হোসেনসহ স্থানীয় অনেকে।

শাকিল আহম্মেদ, নারায়ণগঞ্জ (রূপগঞ্জ)