মদ খেয়ে মাতলামির অভিযোগে নৌ পুলিশের এএসআই প্রত্যাহার
নারায়ণগঞ্জ সদর নৌ থানার উপসহকারী পরিদর্শক (এএসআই) আব্দুল মান্নানের বিরুদ্ধে মদ্যপ অবস্থায় প্রকাশ্যে মাতলামি ও অসংলগ্ন আচরণের অভিযোগ উঠেছে। ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর তাৎক্ষণিক পদক্ষেপ হিসেবে তাকে থানা থেকে প্রত্যাহার করে নারায়ণগঞ্জ পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।
আজ শনিবার (৫ সেপ্টেম্বর) বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ অঞ্চলের নৌ পুলিশ সুপার আলমগীর হোসেন।
এর আগে গতকাল শুক্রবার (৪ সেপ্টেম্বর) রাতে নারায়ণগঞ্জ সদর নৌ থানার ৫ নম্বর খেয়াঘাট এলাকায় বিতর্কিত এই ঘটনাটি ঘটে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া ১ মিনিট ৫ সেকেন্ডের একটি ভিডিওতে দেখা যায়, নৌ পুলিশের কর্মকর্তা আব্দুল মান্নান মাতালের মতো অস্বাভাবিক ও অসংলগ্ন আচরণ করছেন। ভিডিওতে তাকে কখনো মাটিতে বসে নাচ-গান করতে, আবার কখনো “আমার বউ আমাকে জুতা দিয়ে মারছে” বলে উচ্চস্বরে বিলাপ করতে দেখা যায়। দায়িত্বরত এক পুলিশ কর্মকর্তার এমন প্রকাশ্য মাতলামি ও অসংলগ্ন কথাবার্তা দেখতে স্থানীয় উৎসুক জনতা সেখানে ভিড় জমান। পরে উপস্থিত সাধারণ মানুষ ঘটনাটির ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিলে তা নিয়ে সুশীল সমাজ ও সচেতন মহলে তীব্র বিতর্কের সৃষ্টি হয়।
ঘটনার বিষয়ে নৌ পুলিশ সুপার আলমগীর হোসেন জানান, শৃঙ্খলাভঙ্গের দায়ে অভিযুক্ত এএসআই আব্দুল মান্নানকে ইতোমধ্যে সদর নৌ থানা থেকে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। বিষয়টি নিয়ে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং গঠিত কমিটির তদন্ত প্রতিবেদন হাতে পাওয়ার পর তার বিরুদ্ধে কঠোর বিভাগীয় ও আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

কামরুল ইসলাম, নারায়ণগঞ্জ (সদর-সোনারগাঁ-বন্দর)