জয়পুরহাটে হত্যা মামলায় ৭ জনের মৃত্যুদণ্ডাদেশ
জয়পুরহাটে চাঞ্চল্যকর আবদুল মতিন হত্যা মামলায় সাত আসামির মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন জেলা ও দায়রা জজ আদালত। একই মামলায় আরো একজনকে যাবজ্জীবন কারাদণ্ডও দেওয়া হয়েছে।
আজ বুধবার বিকেল ৩টায় জয়পুরহাটের জেলা ও দায়রা জজ আবদুর রহিম এ রায় ঘোষণা করেন বলে গণমাধ্যমকে জানান আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) নৃপেন্দ্র নাথ মণ্ডল।
মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্তরা হলেন ওয়াজেদ আলী তোরাফ, চৈতুন মোল্লা, ছাফাদুল, মছির উদ্দীন, আনু, আবু হাসান দিলিপ ও মন্টু।
যাবজ্জীবন সাজাপ্রাপ্ত হলেন মাহবুব আলম বাবু। এঁদের মধ্যে ফাঁসির দণ্ডাদেশপ্রাপ্ত মন্টু পলাতক এবং বাকি আসামিরা রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন।
মামলার বরাত দিয়ে আইনজীবী আরো জানান, জয়পুরহাট সদর উপজেলার ধারকী গ্রামের মৃত মফিজ উদ্দিনের ছেলে আবদুল মতিনের সঙ্গে আসামিদের পূর্বশত্রুতা ছিল। এর জের ২০০৬ সালের ২৭ অক্টোবর সকাল ৭টার দিকে নিজ গ্রামের রাস্তায় মোটরসাইকেলের গতি রোধ করে আসামিরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও বেধড়ক পিটিয়ে হত্যা করেন।
ঘটনায় দিন রাতেই নিহতের ভাই বাদী হয়ে সদর থানায় নয়জনকে আসামি করে মামলা দায়ের করেন। পরে ২০০৭ সালের ৩০ মার্চ তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) গোলাম রব্বানী আদালতে এ মামলার অভিযোগপত্র দায়ের করেন।
আদালত ১৬ জন সাক্ষী ও ১০ জন নিরীক্ষকের সাক্ষী নিয়ে এ রায় ঘোষণা করেন।

শাহজাহান সিরাজ মিঠু, জয়পুরহাট