পুলিশ ব্যবস্থা নেয়নি, ১৩ দিন পর মিলল লাশ
অপহরণের ১৩ দিন পর আজ শুক্রবার সাভারের আশুলিয়ার আড়াগাঁও এলাকার একটি পরিত্যক্ত পুকুর থেকে মাদ্রাসাছাত্র রাসেলের (১২) গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত রাসেল আড়াগাঁও এলাকার পোশাকশ্রমিক কবির হোসেনের ছেলে। সে আশুলিয়ার কাটগড়া বায়তুল উলুম মাদ্রাসায় পড়ত।
কবির হোসেন জানান, গত ১১ এপ্রিল বিকেলে খেলা শেষে প্রতিবেশী জামিরের সাথে তাদের বাসায় যায় রাসেল। জামিরের কাছে রাসেলের খোঁজ জানতে চাইলেও কিছু বলেনি। রাতভর অনেক খোঁজ করেও রাসেলকে পাওয়া যায়নি। পরদিন আশুলিয়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন তিনি। ১৩ এপ্রিল তাঁর ভাইয়ের মুঠোফোনে অজ্ঞাতনামা ব্যক্তিরা রাসেলের মুক্তিপণ বাবদ ১৫ লাখ টাকা বা ৫০ ভরি স্বর্ণালংকার দাবি করেন। বিষয়টি থানায় জানানোর পরও পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি।
এ ব্যাপারে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফা কামাল বলেন, পচা-গলা কটু গন্ধ পেয়ে আজ দুপুরে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেয়। এরপর একটি পরিত্যক্ত পুকুর থেকে নিখোঁজ ওই শিক্ষার্থীর কঙ্কালসার দেহ উদ্ধার করা হয়। রাসেলের পরা জামা-কাপড়ের অংশ দেখে তাকে শনাক্ত করেন বাবা-মা। তার লাশ ঢাকা মেডিকেল কলেজ মর্গে রয়েছে। এ ঘটনায় আশুলিয়া থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
ওসি আরো বলেন, লাশ উদ্ধারের পর এলাকাবাসী পুলিশকে সাথে নিয়ে জামিরের বাসার তালা ভেঙে ভেতরে ঢোকে। সেখানে একটি ঘরের মেঝেতে লেগে থাকা রক্ত ও ছুরি আলামত হিসেবে সংগ্রহ করা হয়েছে। এ সময় বিক্ষুব্ধ এলাকাবাসী বাড়িটি ভাঙচুরের চেষ্টা চালালে পুলিশ তাদের নিয়ন্ত্রণ করে।

জাহিদুর রহমান