ব্যাংকে ডাকাতির ঘটনায় আরো একজনের মৃত্যু
টানা চারদিন মৃত্যুর সাথে লড়ে হেরে গেলেন সাভারের আশুলিয়ায় ব্যাংকে ডাকাতির সময় হামলায় আহত আইয়ুব আলী (৫০)। সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকদের সব চেষ্টাকে ব্যর্থ করে দিয়ে আজ শুক্রবার রাত ৮টার দিকে তিনি মারা যান।
আইয়ুব আলী সীমান্তরক্ষী বাহিনী বাংলাদেশ রাইফেলসের (বিডিআর) সাবেক সদস্য। তাঁর বাড়ি আশুলিয়ার কাঠগড়া এলাকাতেই। আশুলিয়ার কাঠগড়া বাজারে বাংলাদেশ কমার্স ব্যাংকে ডাকাতির সময় এলাকাবাসী সাথে তিনিও ডাকাতদের প্রতিহত করার জন্য এগিয়ে এসেছিলেন। অন্য অনেকের সাথে এ সময় আইয়ুব আলীও গুলিবিদ্ধ হন। তার পর থেকেই তিনি এনাম মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) ছিলেন।
এনাম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউ বিভাগের সহযোগী অধ্যাপক রেজাউল করিম এনটিভি অনলাইনকে বলেন, ‘আইয়ুব আলীর পেটে ও বুকে গুলি করে ডাকাতরা। একটি গুলি তাঁর পেট ছিদ্র করে বেরিয়ে যায়। ঘটনার দিনেই তাঁর পেটে ল্যাপারটোমি অপারেশন করা হয়। কিন্তু বয়স বেশি হওয়ায় তাঁকে বাঁচানো গেল না।’
গত মঙ্গলবার আশুলিয়ার কাঠগড়া বাজারে দিনদুপুরে কমার্স ব্যাংকের কাঠগড়া শাখায় ডাকাতদের গুলি, বোমা ও ধারালো অস্ত্রের আঘাতে শাখা ব্যবস্থাপক, গ্রাহক, নিরাপত্তাকর্মীসহ সাতজন প্রাণ হারান। আহত হয়েছেন কমপক্ষে ২০ জন। ঘটনাস্থলে জনতার গণপিটুনিতে এক ডাকাতের মৃত্যু হয়। এ নিয়ে নিহতের সংখ্যা নয়জনে দাঁড়াল। এ ঘটনায় আশুলিয়া থানায় কমার্স ব্যাংক ও পুলিশের পক্ষ থেকে পৃথক দুটি মামলা করা হয়েছে।

জাহিদুর রহমান