ভাতিজার ধারালো অস্ত্রের আঘাতে চাচা খুন
ফরিদপুরের সদরপুরে গাছকাটা নিয়ে বিরোধে আপন ভাতিজার হাতে চাচা খুন হয়েছেন। আজ শুক্রবার (২৯ মে) বিকেলে উপজেলা বিষ্ণুপুর ইউনিয়নের চর চাঁদপুর গ্রামে এ ঘটনা ঘটে।
এ সময় আরও একজনকে কুপিয়ে আহত করা হয়েছে। নিহত চাচার নাম কাজী সিরাজুল ইসলাম (৬২)। তিনি মানিকগঞ্জে বসুন্ধরা গ্রুপে চাকরি করেন। চর চাঁদপুর গ্রামে পৈতৃক সম্পত্তি নিয়ে ভাতিজাদের সঙ্গে তাদের বিরোধ চলছিল দীর্ঘদিন ধরে।
পুলিশ জানায়, উপজেলার চর চাঁদপুর গ্রামে পৈতৃক সম্পত্তি ও গাছ কাটা নিয়ে কাজী পরিবারের সদস্যদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। আজ পূর্ব বিরোধের জেরে কাজী সুমন ও কাজী তুষার ধারালো অস্ত্র নিয়ে কাজী মাসুদ রানা ও কাজী সিরাজুল ইসলামের ওপর হামলা চালান। এতে দুজনই গুরুতর আহত হন।
পুলিশ আরও জানায়, রক্তাক্ত অবস্থায় স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে সদরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক কাজী সিরাজুল ইসলামকে মৃত ঘোষণা করেন। আহত কাজী মাসুদ রানার (৩২) চিকিৎসা চলছে।
এ বিষয়ে সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, এখনও পরিবারের তরফ থেকে কেউ আমাদের কাছে আসেনি। যত দূর জানতে পেরেছি মরদেহ ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রয়েছে। পরিবারের পক্ষ থেকে অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সঞ্জিব দাস, ফরিদপুর