দ্বিতীয় দিনের মতো চলছে নৌযান ধর্মঘট
নৌযান শ্রমিকদের বেতন বৃদ্ধি, নৌপথে নিরাপত্তা, শ্রমিক নির্যাতন, ডাকাতি বন্ধসহ ১৫ দফা দাবি আদায়ের লক্ষ্যে সারা দেশের মতো ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে নৌযান ধর্মঘট চলছে।
আজ বুধবার দ্বিতীয় দিনের মতো অনির্দিষ্টকালের এ নৌযান ধর্মঘট চলছে। এর আগে গতকাল মঙ্গলবার এ ধর্মঘট শুরু হয়।
ধর্মঘটের কারণে আশুগঞ্জ বন্দরে শতাধিক পণ্যবাহী কার্গো জাহাজ আটকা পড়েছে। এ ছাড়া বন্ধ রয়েছে কার্গো থেকে মালামাল খালাসের কাজও। এতে জাহাজ মালিকরা বিপাকে পড়েছেন।
বাংলাদেশ কার্গো ভেসেল পূর্বাঞ্চলীয় নৌযান শ্রমিক সংগ্রাম পরিষদের হাবিবুল্লাহ বাহার জানান, নৌযান শ্রমিক সংগ্রাম পরিষদের আহ্বানে শ্রমিকদের বেতন বৃদ্ধি, নৌপথে নিরাপত্তাসহ ১৫ দফা দাবি আদায়ের লক্ষ্যে এ অনির্দিষ্টকালের ধর্মঘট চলছে।
নৌযান শ্রমিকদের ন্যায্য দাবি যত দিন পর্যন্ত নিশ্চিত না হবে, তত দিন ধর্মঘট চলবে বলেও জানান এই শ্রমিক নেতা।
পূর্বাঞ্চলীয় কার্গো জাহাজ মালিক সমিতির সভাপতি নাজমুল হোসাইন হামদু বলেন, ‘নৌযান ধর্মঘটের কারণে পণ্যবাহী নৌযান নিয়ে বিপাকে পড়েছেন মালিকরা। আমরা দ্রুত এই নৌযান ধর্মঘটের সুষ্ঠু সমাধান চাই।’

আক্তারুজ্জামান রঞ্জন, আশুগঞ্জ