নানা আয়োজনে জয়পুরহাটে জন্মাষ্টমী উদযাপন
জয়পুরহাটে অলোচনা সভা, র্যালি, পূজা-অর্চনাসহ নানা আয়োজনে ও ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে উদযাপিত হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের ভগবান শ্রীকৃষ্ণের জন্মদিন।
জন্মাষ্টমী উপলক্ষে আজ বৃহস্পতিবার শহরের জয়পুরহাট কেন্দ্রীয় বারোয়ারি মন্দিরে একটি আলোচনা সভার আয়োজন করা হয়। সভা শেষে দুপুর ১২টায় মন্দির প্রাঙ্গণ থেকে একটি র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে।
জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট সামছুল আলম দুদু, জেলা প্রশাসক মো. আবদুর রহিম, পুলিশ সুপার মোল্লা নজরুল ইসলাম, জেলা পরিষদের প্রশাসক এস এম সোলায়মান আলীসহ জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ ও পূজা উদযাপন কমিটির নেতারা র্যালিতে অংশ নেন। এ সময় স্থানীয় সনাতন ধর্মাবলম্বীরাও বিপুল উৎসাহ-উদ্দীপনার সঙ্গে র্যালিতে অংশ নেন।
র্যালি শেষে বিভিন্ন মন্দিরে জন্মাষ্টমীর বিশেষ পূজা-অর্চনা করা হয়।

শাহজাহান সিরাজ মিঠু, জয়পুরহাট