জঙ্গি-সন্ত্রাসবাদের বিরুদ্ধে জয়পুরহাটে প্রায় ১০০ কিমি মানববন্ধন
‘জঙ্গিবাদ ও সন্ত্রাস নির্মূলে এগিয়ে আসুন’ এই স্লোগানকে সামনে রেখে প্রায় ১০০ কিলোমিটার দীর্ঘ মানববন্ধন করেছে জয়পুরহাটের দেড় লাখ মানুষ।
আজ বুধবার জয়পুরহাটের পূর্ব প্রান্ত থেকে পশ্চিম প্রান্ত ও উত্তর প্রান্ত থেকে দক্ষিণ প্রান্ত পর্যন্ত দুইভাগে প্রায় ১০০ কিলোমিটার দীর্ঘ সড়কে ঘণ্টাব্যাপী এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। দেড় লাখেরও বেশি মানুষ এই কর্মসূচিতে অংশ নেয়।
বেলা ১১টায় জয়পুরহাটের কালাই উপজেলার শেষ প্রান্ত বগুড়া জেলা সীমানা সংলগ্ন পুনট বাঁশের ব্রিজ এলাকায় এই মানববন্ধনের উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও সংসদ সদস্য আবু সাঈদ আল মাহমুদ স্বপন।
জয়পুরহাটের পূর্বে কালাই উপজেলার শেষ প্রাপ্ত পুনট, পশ্চিমে সদর উপজেলার নওগাঁ সংলগ্ন মঙ্গলবাড়ি, উত্তরে দিনাজপুরের হিলি সংলগ্ন সীমান্তবর্তী পাঁচবিবি উপজেলার ভীমপুর থেকে দক্ষিণে বগুড়ার নিকটবর্তী তিলকপুর পর্যন্ত প্রায় ১০০ কিলোমিটার সড়কে এ মানববন্ধনে প্রশাসনসহ সর্বস্তরের মানুষ স্বতঃস্ফূর্তভাবে মানুষ অংশ নেয়।
বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ঘণ্টাব্যাপী মানববন্ধন শেষে দুপুরে জয়পুরহাট শহরের ব্যস্ততম রেলগেট সংলগ্ন মুক্তমঞ্চে এক সমাবেশে অনুষ্ঠিত হয়।
মানববন্ধনের আয়োজকদের দাবি, এটিই দেশের সবচেয়ে দীর্ঘ মানববন্ধন।

শাহজাহান সিরাজ মিঠু, জয়পুরহাট