কুষ্টিয়ায় সরকারি দপ্তরের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিয়ে গণশুনানি
সরকারি সেবা ও সুবিধা প্রাপ্তির ক্ষেত্রে প্রশাসনিক স্বচ্ছতা এবং জবাবদিহিতামূলক ব্যবস্থা গড়ে তুলতে কুষ্টিয়ায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) গণশুনানি অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার বেলা ১১টায় কুষ্টিয়া পৌরসভা মিলনায়তনে দুর্নীতি বিষয়ক এই গণশুনানিতে অংশ নেন দুদক কমিশনার এ এফ এম আমিনুল ইসলাম। বিরতিহীনভাবে বেলা ২টা পর্যন্ত চলে এই গণশুনানি।
পূর্ব নির্ধারিত তালিকা অনুযায়ী জেলার বিভিন্ন সরকারি দপ্তরের অনিয়ম দুর্নীতির বিষয় নিয়ে গণশুনানিতে অংশ নেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। এ সময় কুষ্টিয়া জেনারেল হাসপাতাল, সড়ক ও জনপথ, গণপূর্ত বিভাগ, মহিলা অধিদপ্তরসহ বিভিন্ন দপ্তরের দুর্নীতি ও অনিয়মের চিত্র তুলে ধরেন বক্তারা।
কুষ্টিয়ার জেলা প্রশাসক সৈয়দ বেলাল হোসেন, পুলিশ সুপার প্রলয় চিসিম ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা খোদেজা খাতুনসহ জেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।

ফারুক আহমেদ পিনু, কুষ্টিয়া