পাঁচবিবি সীমান্তে অবৈধ ট্যাবলেট আটক
জয়পুরহাটের পাঁচবিবি সীমান্ত এলাকা থেকে বেশ কিছু ভারতীয় গরু মোটাতাজাকরণ, যৌন উত্তেজক ও নেশাজাতীয় ট্যাবলেট জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে এ সময় কাউকে আটক করা যায়নি।
আচ শনিবার ভোরে বিজিবি সদস্যরা প্রায় দুই লাখ ৩০ হাজার ট্যাবলেট উদ্ধার করেন। বিজিবির দাবি, এসব ট্যাবলেটের আনুমানিক দাম অর্ধকোটি টাকা।
জয়পুরহাট-৩ বিজিবির অধীন পাঁচবিবি বিশেষ ক্যাম্পের সুবেদার মীর জুলহাস জানান, গোপন সূত্রে খবর পেয়ে বিজিবির সদস্যরা আজ ভোর ৫টার দিকে পাঁচবিবি উপজেলার বাজিতপুর মিশন রোড এলাকায় অভিযান চালায়।
এ সময় চোরাই পথে পাচার করে আনা ভারতীয় দুই লাখ ১৫ হাজার পিচ গরু মোটাতাজাকরণ প্যারাকট্রিন ট্যাবলেট, ১৫ হাজার ২০০ পিচ নেশা ও যৌন উত্তেজক টারগ্রেট ট্যাবলেট, ৫০টি শার্ট পিস ও ৭৫টি স্টিলের মগ জব্দ করা হয়। পরে এসব পণ্যের আনুমানিক মূল্য ধরে দিনাজপুরের হিলি শুল্ক গুদামে জমা দেওয়া হয়।
জয়পুরহাট-৩ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মোস্তাফিজুর রহমান বলেন, জয়পুরহাট-হিলি সীমান্তে মাদকসহ সব চোরাচালান শূন্যের কোটায় আনতে অভিযান অব্যাহত থাকবে।

শাহজাহান সিরাজ মিঠু, জয়পুরহাট